গৌরীপুরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার
বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-02 07:55:10 · স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে ১০৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এসআরবি-১৪ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে ময়মনসিংহের গৌরীপুর থানাধীন মইলাকান্দা ইউনিয়নের পোদ্দারপাড়া বণিক বাড়ির একটি টিনের ঘরে অভিযান পরিচালনা করে সিপিএসসি, এসআরবি-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল।
এ অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন দুলাল চন্দ্র বণিক (৫৫) ও মো. হাতিম মিয়া (৪২)। তাঁদের উভয়ের জেলা ময়মনসিংহ।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামগঞ্জ বাজার এলাকায় অবস্থানকালে আভিযানিক দল জানতে পারে, মইলাকান্দা ইউনিয়নের পোদ্দারপাড়া বণিক বাড়ির দুলাল চন্দ্র বণিকের ঘরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ওই বাড়িতে অভিযান চালানো হয়।
পরে উপস্থিত লোকজন ও সাক্ষীদের সামনে গ্রেফতার ব্যক্তিদের দেখানো ও শনাক্তকরণসহ বিধি মোতাবেক তল্লাশি চালিয়ে ছয়টি প্লাস্টিকের বস্তা থেকে মোট ১০৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে মাদক কেনাবেচায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেফতার দুজন পরস্পর যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে গাঁজাগুলো নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে।
এসআরবি-১৪ সূত্র আরও জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এজাহার দায়ের করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা আলামতসহ তাঁদের গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।