ময়মনসিংহ মেইল

সন্ত্রাসবিরোধী আইনে কৃষক লীগ নেত্রী কারাগারে

বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-02 07:09:06 · স্টাফ রিপোর্টার

জামালপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পুতুল রানী (২৮) নামের কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের এক নেত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

পুতুল রানী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ইসলামপুর উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক। তিনি ইসলামপুর পৌর শহরের বাজারি পাড়া এলাকার মৃত সাদাফলের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর ইসলামপুর পৌর শহরের বিজয় চত্বর সড়কে ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল করেন। পরবর্তীতে মিছিলের ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পরে ৯ অক্টোবর ইসলামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শাওন সরকারকে প্রধান আসামি ও পুতুল রানীসহ মোট ৪৮ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে ইসলামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফজলু মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। পরে পুলিশ রোববার দুপুরে ইসলামপুর পৌর শহরের বাজারি পাড়া এলাকায় পুতুল রানীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। তারপর আইনি প্রক্রিয়া শেষ তাকে আদালতে পাঠানো হলে আদালত পুতুল রানীকে কারাগারে পাঠানো আদেশ দেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, পুতুল রানী সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। দুপুরে তাকে গ্রেপ্তার করে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত