ময়মনসিংহ মেইল

নেত্রকোনায় শতাধিক শিক্ষার্থী নিয়ে বিতর্ক কর্মশালা

বৃহত্তর ময়মনসিংহ · 2026-08-22 13:30:26 · প্রতিবেদক, নেত্রকোণা

‘যুক্তির মঞ্চে শাণিত হোক মেধা’-স্লোগানে নেত্রকোনার ১০ উপজেলার শতাধিক শিক্ষার্থীকে নিয়ে দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দেশের প্রথম সারির গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজার সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। কর্মশালায় জেলার ১০ উপজেলার ১০টি বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থী ও ৩০ জন শিক্ষক অংশ নেন।

বিতর্ক বিষয়ে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়সার, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মাহফুজা মাহবুব, যমুনা টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার দেবাশীষ রঞ্জন সরকার এবং নেত্রকোনার আবু আব্বাস ডিগ্রি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল কবীর সরকার।

বক্তারা বিতর্কে তথ্য-উপাত্ত ব্যবহার করে কীভাবে একটি বিষয়ের পক্ষে যুক্তি উপস্থাপন করতে হয় এবং তা কার্যকরভাবে তুলে ধরার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপনের বিষয়ে ধারণা দেন।

কর্মশালায় বক্তারা বলেন, বিতর্কচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাশক্তি, যুক্তিবোধ ও আত্মবিশ্বাস বিকশিত হয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে জেলার প্রতিটি উপজেলার শিক্ষার্থীদের জাতীয়মানের তার্কিক হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

এসময় জেলা প্রশাসক ও বক্তারা বিদ্যালয়ের শিক্ষকদের নিজ নিজ প্রতিষ্ঠানে নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত