ময়মনসিংহ মেইল

চাঁদা না দেওয়ায় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীকে মারধরের অভিযোগ

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-03 07:36:33 · স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামকে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ উঠেছে কর্মচারী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) চার নেতাকর্মীর বিরুদ্ধে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের গাইটাল শিক্ষকপল্লী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে সংগঠনের এক কেন্দ্রীয় নেতার সংবর্ধনা অনুষ্ঠানের জন্য উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামের কাছে চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

বুধবার দুপুরে মাহমুদুল ইসলাম নিজ কক্ষে দাপ্তরিক কাজ করার সময় উচ্চমান সহকারী ও সিবিএ সভাপতি সোয়াইব আহমদ, অফিস সহকারী ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কার্যসহকারী জাকির হোসেন ও ইশতিয়াক আহমেদ তার কক্ষে প্রবেশ করেন। এ সময় চাঁদার বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন মাহমুদুল ইসলাম।

পরে সহকর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

আহত উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম বলেন, ‘চাঁদা না দেওয়ায় তার সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয়েছে।’

ঘটনার পর সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। উপসহকারী প্রকৌশলী ইয়াসীন খান ও রিয়াজুল ইসলাম বলেন, তারা মাহমুদুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

তবে চাঁদা দাবির বিষয় অস্বীকার করে সিবিএ সভাপতি সোয়াইব আহমদ বলেন, ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের একটি কর্মসূচির জন্য আমরা মাহমুদুল ইসলামের কাছে গিয়েছিলাম। তিনি কর্মসূচির জন্য কোনো অর্থ দিতে পারবেন না জানিয়ে চা-নাশতার জন্য কিছু টাকা দেওয়ার কথা বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।’

তিনি বলেন, ‘মাহমুদুল ইসলাম কয়েকদিন ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছিলেন। বিষয়টি জানতে আমরা তার কক্ষে গিয়েছিলাম। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি।’

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল বলেন, ‘ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত