নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে পিতা হত্যা
বৃহত্তর ময়মনসিংহ · 2026-08-30 12:27:55 · স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের নাগরপুরে এক মাদকাসক্ত ছেলের হাতে নির্মমভাবে হত্যার শিকার হয়েছে হতভাগ্য পিতা আব্দুর রহিম ভূইয়া (৫৫)। সে পেশায় একজন ভ্যানচালক। ছেলেকে টাকা দিতে দেরি হওয়ায় শীলপাথর দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে ভিকটিমের নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে পরে। স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।
পুলিশ জানায়, কোনাবাড়ি গ্রামের ভ্যানচালক আব্দুর রহিম ভূইয়া (৫৫) বেলা ১১টার দিকে নিজ ঘরে ভাত খেতে বসে। এ সময় তার মাদকাসক্ত ছেলে অভিযুক্ত মোস্তফা ভূইয়া (২২) বাবার কাছে টাকা দাবি করে। টাকা দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে সে এক পর্যায়ে মোস্তফা ঘরে থাকা শীলপাথর (নোড়া) দিয়ে বাবার মাথায় উপর্যুপরি আঘাত করে। ফলে পিতা আব্দুর রহিম মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত মোস্তফা একজন মাদকাসক্ত। সে মাস ছয়েক আগে দেলদুয়ার উপজেলার লাউহাটী এলাকায় বিয়ে করে। বিয়ের পর থেকে স্ত্রীকে প্রায়ই শারীরিকভাবে অমানসিক নির্যাতন করত। নির্যাতন সহ্য করতে না পেরে সম্প্রতি তাকে ছেড়ে বাবার বাড়ি চলে যায় বলেও জানায় স্থানীয়রা। তবে
পরিবারের দাবি, অভিযুক্ত মোস্তফা একজন মানসিক রোগী। নিহতের স্ত্রী শিরিন বেগম (৫০) ও বড় মেয়ে সালমা (৩০) জানান, মোস্তফা একজন মানসিক ভারসাম্যহীন । মাঝে মধ্যেই বাড়িতে পাগলামি করত সে। ঘটনার সময় মোস্তফা পাগলামীর এক পর্যায়ে কোনো কিছু বুঝে উঠার আগেই শীলপাথর দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এটা নিছক দুর্ঘটনা বলেও দাবি করেন তারা।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. আব্দুল কদ্দুস জানান, অভিযুক্ত মোস্তফা একজন মাদকাসক্ত। এ ছাড়াও তার মস্তিষ্কে সমস্যা ছিল। টাকা-পয়সা নিয়ে বাবার সাথে বাগবিতণ্ডায় এক পর্যায়ে এ দুর্ঘনাটি ঘটে।
নাগরপুর থানার ওসি মো. জহুরুল ইসলাম জানান, ভ্যানচালক রহিম ভূইয়াকে তার ছেলে মোস্তফা ভূইয়া শীলপাটার পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। হত্যার পর অভিযুক্ত মোস্তফা ভূইয়া ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পরায় তাকে গ্রেপ্তার করা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি বলেও জানান তিনি।