জামালপুর ট্রাকচাপায় স্বামী-স্ত্রী ও শিশু নিহত
বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-07 06:10:41 · স্টাফ রিপোর্টার
জামালপুরের মেলান্দহ উপজেলায় দ্রুতগামী ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় প্রাণ হারানো একই পরিবারের তিন সদস্যের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও তাদের আট মাসের এক কন্যাসন্তান। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।দুর্ঘটনায় অটোরিকশাযাত্রী মোরশেদ আলম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী ও শিশুসন্তানকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারাও মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী এবং অটোরিকশার চালকও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া করে মেলান্দহের মালঞ্চ এলাকা থেকে সেটি আটক করে। তবে সুযোগ বুঝে ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।