গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় জামায়াত কর্মী নিহত
বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-07 07:36:22 · স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান কবির (৩৫) নামে জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা বন্ধু রায়হান মিয়া আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে গফরগাঁও-হোসেনপুর এশিয়ান হাইওয়ে সড়কের দক্ষিণ গফরগাঁওয়ের গলাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান কবির গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের বাগড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য মেহেদী হাসান কবির তাঁর বন্ধু ও পার্শ্ববর্তী পাইথল ইউনিয়নের নেওকা গ্রামের বাসিন্দা রায়হান মিয়াকে নিয়ে মোটরসাইকেলে কিশোরগঞ্জের পাগলা মসজিদে যান। নামাজ শেষে বাড়ি ফেরার পথে গফরগাঁও-হোসেনপুর এশিয়ান হাইওয়ে সড়কের গলাকাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুই মোটরসাইকেলের আরোহীরা সড়কে পড়ে আহত হন। স্থানীয় লোকজন মেহেদী ও রায়হানকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান কবিরকে মৃত ঘোষণা করেন। আহত রায়হান মিয়া ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তরিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আহত একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর ধারণা, মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমদাদুল হক গণমাধ্যমকে জানান, মেহেদী হাসান কবির জামায়াতে ইসলামীর কর্মী ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলটির নির্বাচনী এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। অপরজন গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।