ময়মনসিংহ মেইল

মাদকমুক্ত সমাজ গড়তে ত্রিশালে হেল্পলাইনের ব্যতিক্রমী উদ্যোগ

বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-07 07:30:40 · স্টাফ রিপোর্টার

‘মাদকমুক্ত ত্রিশাল আমাদের অঙ্গীকার’—এই স্লোগান সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ত্রিশাল হেল্পলাইন। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে কয়েক শ তরুণ অংশ নেন।

শোভাযাত্রায় ত্রিশাল হেল্পলাইনের ১৩টি শাখার সদস্যরা অংশগ্রহণ করেন। এসব শাখা উপজেলার ১২টি ইউনিয়ন ও ত্রিশাল পৌরসভায় স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে।

স্থানীয় নজরুল কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে ত্রিশাল বাসস্ট্যান্ড ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় এক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে তালে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

শোভাযাত্রায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল—‘মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’, ‘মাদককে প্রশ্রয় নয়, প্রতিরোধ করুন’, ‘মাদক জীবন কেড়ে নেয়, সচেতনতা জীবন বাঁচায়’, ‘মাদক নয়, খেলাধুলা সুস্থ জীবনের মূলমন্ত্র’, ‘মাদক ছাড়ুন, পরিবার বাঁচান, সমাজকে আলোকিত করুন’ এবং ‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সুন্দর সমাজ গড়ে তুলুন’।

শোভাযাত্রা শেষে বাসস্ট্যান্ড মোড়ে নজরুল কলেজ গেটসংলগ্ন এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন ত্রিশাল হেল্পলাইনের সভাপতি মো. খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম জামান আশিক, সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, কার্যনির্বাহী ও প্রতিষ্ঠাতা সদস্য মো. আবুল মুনসুর, সাবেক সভাপতি আহাম্মদ আলী মানিক, রক্তদানে ত্রিশালের (অগ্রণী) সভাপতি মো. আবু রায়হান এবং সাংবাদিক মো. এ টি এম মনিরুজ্জামান।

বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক কারবার ও এর বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং তরুণদের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

আয়োজকেরা জানান, নভেম্বর মাসকে মাদকবিরোধী সচেতনতা তৈরির মাস হিসেবে ঘোষণা করেছে ত্রিশাল হেল্পলাইন। এ উপলক্ষে পুরো নভেম্বর মাসে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করবে সংগঠনটি। পাশাপাশি উপজেলার বিভিন্ন মসজিদ ও মাহফিলে মাদকবিরোধী আলোচনা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে সংগঠনের স্বেচ্ছাসেবকেরা সম্মিলিতভাবে কাজ করবেন।

মাদকমুক্ত ত্রিশাল গড়ে তুলতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সম্পৃক্ত করে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত