তারাকান্দায় গরু চুরির অভিযোগে গ্রেফতার ১
বৃহত্তর ময়মনসিংহ · 2026-08-28 12:33:06 · প্রতিবেদক, তারাকান্দা
ময়মনসিংহের তারাকান্দায় গোয়ালঘর থেকে চারটি গরু চুরির অভিযোগে মজিবর (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, বুধবার ভোররাত ৪টা ২০ মিনিটে উপজেলার তারাকান্দা ইউনিয়নের রূপচন্দ্রপুর (তোপারকান্দা) গ্রামের মোকাম্মেল (৪০)-এর গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়।গরুগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৩৫ হাজার টাকা।
বৃহস্পতিবার সকালে নালিতাবাড়ী উপজেলার কাপড়কান্দা বাজার থেকে চুরি যাওয়া দুটি গরু উদ্ধার করা হয়। গ্রেফতার মজিবরের বাড়ি হালুয়াঘাট উপজেলার নলুয়া গ্রামে। এ ঘটনায় মোকাম্মেল বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে থানা পুলিশের এসআই জহিরুল হক জানান,তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ আঃ রাশিদের দিকনির্দেশনায় চুরি হওয়া চারটি গরুর মধ্যে দুটি গরুসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।