প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে উৎসবের আমেজ, কটিয়াদীতে ছাত্রদলের আনন্দ মিছিল
বৃহত্তর ময়মনসিংহ · 2026-08-15 09:26:51 · প্রতিবেদক, কিশোরগঞ্জ
রাজধানী ঢাকার বাইরে প্রথমবারের মতো জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জের কটিয়াদীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর ঘিরে জেলাজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আয়োজন ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে দলের পক্ষ থেকেও।প্রধানমন্ত্রীর এক দিনের সফরে মৎস্য পোনা অবমুক্ত, হ্যাচারি পরিদর্শন, জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও উদ্যোক্তাদের পুরস্কার প্রদানসহ একাধিক কর্মসূচি রয়েছে। পাশাপাশি কিশোরগঞ্জ সদর উপজেলায় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন অনুদান দেওয়ার কর্মসূচিও রয়েছে। প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর উপলক্ষে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান চন্দন বলেন, আজ আমাদের কটিয়াদী উপজেলার জন্য এক ঐতিহাসিক ও অত্যন্ত আনন্দের দিন! দেশের সফল কাণ্ডারী, দূরদর্শী জননেতা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর শুভ আগমন উপলক্ষে আয়োজিত আজকের এই আনন্দ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচিতে আপনারা যারা উপস্থিত হয়েছেন, কটিয়াদীবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ কটিয়াদীর মাটিতে আনন্দের বন্যা বইছে। প্রিয় নেতাকে বরণ করে নিতে আজ পুরো উপজেলা ঐক্যবদ্ধ। আমাদের রাজপথ আজ উল্লাসের মঞ্চে পরিণত হয়েছে। এই আনন্দ মিছিল কেবল একটি রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়; এটি কটিয়াদীর আপামর জনমানুষের দীর্ঘদিনের ভালোবাসা, আবেগ ও প্রিয় নেতার দূরদর্শী নেতৃত্বের প্রতি আস্থার বহিঃপ্রকাশ। মোঃ নুরুজ্জামান চন্দন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই আগমন আমাদের অত্র অঞ্চলের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির নতুন দুয়ার উন্মোচন করবে বলে আমরা বিশ্বাস করি। আজকের এই শুভ দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা গ্রহণ করেছি এক মহতী 'বৃক্ষরোপণ কর্মসূচি'। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং একটি সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। প্রিয় নেতার আগমনকে স্মরণে রেখে আজ কটিয়াদীর প্রতিটি প্রান্তে আমরা যে বৃক্ষরোপণ করছি, তা কেবল প্রকৃতিকে সুন্দর করবে না, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ বাসযোগ্য পরিবেশ রেখে যেতে ভূমিকা রাখবে।তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আমাদের কটিয়াদী উপজেলা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রায় উন্নীত হবে। আসুন, আজকের এই শুভক্ষণে আমরা সবাই মিলে কটিয়াদীকে একটি মডেল, আধুনিক ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করি। সরকার গঠনের পর অল্প সময়ের মধ্যে কটিয়াদী-পাকুন্দিয়াতে প্রধানমন্ত্রীর আগমনের ব্যবস্থা করার জন্য কিশোরগঞ্জ-২ কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দীন জালালের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, রোববার সকালে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন তিনি। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে।এরপর দুপুর সাড়ে ১২টার দিকে কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টার দিকে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক (স্বর্ণপদক) দেওয়া হবে।রাজধানীর বাইরে প্রথমবার জাতীয় মৎস্য পক্ষের কেন্দ্রীয় উদ্বোধন, তার সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি— সব মিলিয়ে কিশোরগঞ্জের মানুষের নজর এখন ১৬ আগস্টের দিকে। মৎস্য আয়োজনের বাইরেও এ সফর থেকে জেলার জন্য কী ঘোষণা আসে, সেটিই এখন দেখার অপেক্ষা।