ময়মনসিংহ মেইল

ময়মনসিংহে পৃথক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

বৃহত্তর ময়মনসিংহ · 2026-08-31 09:28:37 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ সদর ও দক্ষিণ গফরগাঁওয়ে পৃথক দুটি হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে। 

আদালত সূত্রে জানা যায়, ময়মনসিংহের সদরে অটোরিকশাচালক নাজিম উদ্দিন হত্যা মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে পলাশ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর দুই আসামি নাসিম ও শাকিলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার (৩১ আগস্ট) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ জানুয়ারি রাতে পলাশ, নাসিম ও শাকিল যাত্রীবেশে নাজিম উদ্দিনের অটোরিকশায় ওঠেন। পরে অটোরিকশাটি সুহিলা মধ্যপাড়া এলাকায় পৌঁছালে তারা দেশীয় অস্ত্র দিয়ে নাজিমকে আঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত নাজিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই নাছির উদ্দিন কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। অন্যদিকে, দক্ষিণ গফরগাঁওয়ের পাগলা থানার ২০১৮ সালের শফিকুল ইসলাম শাহীন হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নিহতের চাচা সৈরত আলী ও চাচাতো ভাই রাকিব। অপর একটা সেকশনে আসামি রাকীবকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৯ এপ্রিল জমির সীমানা ও রাস্তা নিয়ে বিরোধের জেরে আসামিরা শফিকুল ইসলাম শাহীনকে কুপিয়ে হত্যা করেন। পরে নিহতের মা বাদী হয়ে পাগলা থানায় হত্যা মামলা দায়ের করেন। 

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে ময়মনসিংহের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত-২ এর বিচারক কোহিনূর আরজুমান এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত