হালুয়াঘাটে ড্রেনেজ ব্যবস্থার অভাবে পানিবন্দী মহিলা মাদরাসা, ব্যাহত শিক্ষা কার্যক্রম
বৃহত্তর ময়মনসিংহ · 2026-08-05 18:22:55 · প্রতিবেদক, হালুয়াঘাট
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের ধুরাইল মল্লিকা মহিলা দাখিল মাদরাসা ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়েছে। সামান্য থেকে মাঝারি বৃষ্টিতেই মাদরাসার সামনের রাস্তাসহ পুরো মাদরাসা এলাকা পানিতে তলিয়ে যায়। এতে প্রায় তিনশ শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি চলমান ভবন নির্মাণকাজও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক বছর আগে রাস্তার পাশে একটি ইউ-ড্রেন থাকলেও পরবর্তীতে রাস্তার সঙ্গে ঘেঁষে বসতবাড়ি নির্মাণের কারণে সেটি ভরাট ও বন্ধ হয়ে যায়। ফলে বৃষ্টির পানি বের হওয়ার কোনো পথ না থাকায় পুরো এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে মাদরাসা ও আশপাশের বসতবাড়িতে। শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, বৃষ্টির দিনে কোমর কিংবা হাঁটুসমান পানি মাড়িয়ে মাদরাসায় যাতায়াত করতে হয়। অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে ক্লাসে অনুপস্থিত থাকে। এতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হচ্ছে।
এদিকে মাদরাসায় চলমান নতুন ভবন নির্মাণকাজও জলাবদ্ধতার কারণে চরম ব্যাহত হচ্ছে। নির্মাণসামগ্রী পানিতে ডুবে থাকায় কাজের গতি অনেক কমে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। স্থানীয়দের দাবি, দ্রুত একটি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং বন্ধ হয়ে যাওয়া ইউ-ড্রেন পুনরুদ্ধার করা না হলে ভবিষ্যতে জলাবদ্ধতা আরো ভয়াবহ রূপ নেবে। এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশা, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে প্রায় তিনশ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে এলাকাবাসী মুক্তি পাবে।