নেত্রকোনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৃহত্তর ময়মনসিংহ · 2026-08-16 10:10:30 · মেইল ডেস্ক
নেত্রকোনার আটপাড়া ও পূর্বধলা উপজেলায় পানিতে ডুবে নাফিস ও রাহাত হাসান নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে পৃথক দুই উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের পাহাড়পুর গ্রামে পুকুরের পানিতে পড়ে সাড়ে তিন বছর বয়সী শিশু নাফিসের মৃত্যু হয়। সে ওই গ্রামের রিপন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে পুকুরে পড়ে যায় নাফিস। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে তাকে পুকুর থেকে উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়দুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অন্যদিকে, পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের মৌদাম কাঁদাপাড়া গ্রামে বাড়ির সামনের পুকুরে ডুবে মারা যায় রাহাত হাসান (৬)। সে ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কোনো এক সময়ে পুকুরে পড়ে নিঁখোজ হয় রাহাত। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।