ঝিনাইগাতী বাজারে কোটি টাকার রাজস্ব, তবু উন্নয়নের ছোঁয়া নেই—দুর্ভোগে ব্যবসায়ী ও ক্রেতারা
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-07 13:04:41 · তৌহিদুর রহমান
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রাণকেন্দ্র ঝিনাইগাতী বাজার থেকে বছরে কোটি টাকার বেশি রাজস্ব আদায় হলেও বাজারের সার্বিক অবস্থা অত্যন্ত নাজুক। দীর্ঘদিন ধরে সংস্কার ও উন্নয়নের অভাবে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।বাজারের বিভিন্ন দোকানের সামনে সারাবছর পঁচা পানি জমে থাকে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি মশার উপদ্রব বেড়ে গেছে আশঙ্কাজনক হারে। এমন পরিস্থিতিতে ক্রেতারা দোকানে আসতে অনীহা প্রকাশ করছেন, ফলে ব্যবসায়ীরা পড়েছেন চরম লোকসানে।বাজারের ভেতরের সড়কগুলোর অবস্থা আরও করুণ। কোথাও পানি জমে, কোথাও কাদা-ফলে হেঁটে চলাচল করাই কষ্টকর হয়ে পড়ে। সবজির জন্য নির্ধারিত সেড থাকলেও সেটি ব্যবহার না করে মসজিদ রোডের ওপরই বসছে সবজির বাজার। এর ওপর অটোরিকশা দাঁড়িয়ে থেকে রাস্তা অবরুদ্ধ করে রাখায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।এছাড়া, হাটের দিন হাজার হাজার মানুষ বাজারে এলেও নেই কোনো পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা। প্রস্রাব-পায়খানার জন্য নেই কোনো আধুনিক টয়লেট, যা জনস্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। মাছ বাজারের অবস্থাও একইরকম বিশৃঙ্খল। ছোট জায়গায় গাদাগাদি করে বসতে না পেরে অনেক ব্যবসায়ী পাশের সরু গলিতে বসে মাছ বিক্রি করছেন, ফলে পরিবেশ আরও নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে উঠছে।স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা অভিযোগ করে বলেন, বাজার থেকে বিপুল পরিমাণ রাজস্ব আদায় হলেও তার কোনো প্রতিফলন উন্নয়নে দেখা যায় না। হাট-বাজার সংস্কারের জন্য সুনির্দিষ্ট নীতিমালা থাকলেও তা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।তারা দ্রুত বাজারের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, রাস্তা সংস্কার, নির্ধারিত স্থানে বাজার বসানো, যানজট নিরসন এবং আধুনিক স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।কোটি টাকার রাজস্ব আয়ের পরও ঝিনাইগাতী বাজারের এই বেহাল চিত্র স্থানীয় প্রশাসনের দায়িত্বহীনতার প্রশ্ন তুলছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।