ময়মনসিংহ মেইল

গফরগাঁওয়ে অগ্নিকাণ্ডে সাত পরিবারের ঘর পুড়ে ছাই, ক্ষতি ১৮ লাখ টাকা

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-14 13:45:39 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার গফরগাঁও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ষোলহাসিয়া মধ্যপাড়া এলাকায় ব্যবসায়ী মফি মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির সাতটি কক্ষে সাতটি পরিবার ভাড়াটিয়া বসবাস করে। এরা সবাই ক্ষুদ্র ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষ। একটি কক্ষ থেকে আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ায় বসতঘর সাত পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

আগুনে ঘরের আসবাবপত্র, ফ্রিজ, ফ্যান, টিভি, নগদ টাকা, কাপড়চোপড় ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এছাড়া বাড়ির মালিক মফি মিয়া প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন পরিবার সহ স্থানীয় বাসিন্দারা।

এদিকে বসতঘর ভস্মিভূত হওয়ার পরিবারগুলো আশ্রয় সংকটে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো- রজব আলী, জিয়া, ইসমাইল, আশরাফুল, নিরব, রায়হান ও আমিরুলের পরিবার। খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের দমকলবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই বসতঘরের সমস্ত আসবাবপত্র ভস্মিভূত হয় বলে জানান স্থানীয়রা। পরে দমকল বাহিনীর সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত রজব আলীর মেয়ে মিম বলেন, আমার বাবা ব্যবসার জন্য গত মঙ্গলবার ‘আশা’ নামে একটি এনজিও থেকে ৭০ হাজার টাকা ঋণ তুলে ঘরে রেখেছিলেন। সেই ৭০ হাজার টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। নিঃস্ব হয়ে গেলাম আমরা। গফরগাঁও ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, অগ্নিকাণ্ডে সাতটি পরিবারের নগদ টাকা সহ ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত