নৈরাজ্য ঠেকাতে জামালপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-17 13:37:23 · স্টাফ রিপোর্টার
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা মডেল মসজিদ সংলগ্ন স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে এক প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাওসারের সভাপতিত্বে ও সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ খান লোটন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদসহ নেতাকর্মীরা।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাওসার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তারা দেশ গড়ার কাজে নিয়োজিত আর আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে নৈরাজ্য চালাচ্ছে। এই নৈরাজ্য রুখে দিতে তারা রাজপথে থাকবে। যে কোনো নৈরাজ্য ঠেকাতে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে। তিনি নেতাকর্মীদের রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা, সদর উপজেলা, পৌর শাখা ও বিভিন্ন ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।