ঈশ্বরগঞ্জে কৃষক লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার
বৃহত্তর ময়মনসিংহ ·
2026-11-17 13:35:55
· স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে করা পৃথক দুটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়মী লীগের অঙ্গ সংগঠনের কৃষক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে তাদের মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাতে ঈশ্বরগঞ্জ পৌর এলাকা ও মাইচবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন উপজেলার ৩ নম্বর সরিষা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম (৫২) এবং মাইজবাগ ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মো. রহমত উল্লাহ রতন (৪৮)।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পৃথক দুটি মামলার আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুজনকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পুলিশের তথ্যানুযায়ী, ইব্রাহিমের বিরুদ্ধে ২০২৫ সালের ৫ জানুয়ারি ঈশ্বরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। অন্যদিকে রহমত উল্লাহ রতনের বিরুদ্ধে একই আইনে ২০২৫ সালের ১৬ আগস্ট আরেকটি মামলা করা হয়।