মোজার ওপর মাসাহের সময় কখন থেকে শুরু, কখন শেষ?
ধর্ম · 2026-11-17 11:06:17 · মেইল ডেস্ক
শীতকালে অজুর সময় ঠান্ডা পানি ব্যবহারের কষ্ট এড়াতে অনেকে চামড়ার মোজা পরেন। শরিয়ত নির্ধারিত শর্ত পূরণ করে এ ধরনের মোজার ওপর মাসাহ করার সুযোগ রয়েছে। তবে এ ক্ষেত্রে অনেকের মনে একটি প্রশ্ন দেখা দেয়, মোজা পরার পর কখন থেকে মাসাহের সময় গণনা শুরু হবে এবং কতক্ষণ পর্যন্ত মাসাহ করা যাবে? এ বিষয়ে সুস্পষ্ট বিধান তুলে ধরেছে ঢাকা থেকে প্রকাশিত ইসলামী গবেষণা পত্রিকা মাসিক আল কাউসার।
আল কাউসারের প্রশ্নোত্তর বিভাগে এ বিষয়ে একজন পাঠক জানতে চান, তিনি শীতকালে চামড়ার মোজা পরিধান করেন। মোজার ওপর মাসাহের সময়সীমা কখন শুরু হয় এবং কখন শেষ হয়, তা নিয়ে তার সংশয় রয়েছে।
এর উত্তরে আল কাউসার জানায়, অজু অবস্থায় মোজা পরার পর অজু ভঙ্গ হওয়ার সময় থেকে মোজার ওপর মাসাহের সময় শুরু হয়। অর্থাৎ অজু থাকা অবস্থায় মোজা পরার পর যখন অজু ভেঙে যাবে, তখন থেকেই মাসাহের সময় গণনা করতে হবে।
আর মোজার ওপর মাসাহের সময়সীমা ব্যক্তির অবস্থান অনুযায়ী ভিন্ন। মুকিম বা নিজ এলাকায় অবস্থানকারী ব্যক্তির জন্য এ সময়সীমা এক দিন এক রাত, অর্থাৎ ২৪ ঘণ্টা। অন্যদিকে মুসাফিরের জন্য সময়সীমা তিন দিন তিন রাত, অর্থাৎ ৭২ ঘণ্টা।
এ বিধানের পক্ষে হাদিসও উল্লেখ করেছে আল কাউসার। হজরত আলী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) মুসাফিরের জন্য তিন দিন তিন রাত এবং মুকিমের জন্য এক দিন এক রাত মোজার ওপর মাসাহের সময়সীমা নির্ধারণ করেছেন। (মুসলিম: ২৭৬)
এ ছাড়া এ মাসআলার সমর্থনে কিতাবুল আছল, আলমাবসূত, আলমুহীতুল বুরহানী, খুলাসাতুল ফাতাওয়া, শরহুল মুনইয়া ও আলবাহরুর রায়েকসহ একাধিক ফিকহি গ্রন্থের উদ্ধৃতি দিয়েছে আল কাউসার।
সূত্র: মাসিক আল কাউসার