ঈশ্বরগঞ্জে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
বৃহত্তর ময়মনসিংহ ·
2026-11-17 08:31:18
· স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধ জেরে মা মিনারা বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে কামরুল হাসান ও পুত্রবধূ নিলুফা ইয়াসমিনের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মিনা বেগম মারা যান।
সোমবার (১৬ নভেম্বর) রাতে ঈশ্বরগঞ্জ পৌরসভার কাকনহাটি উত্তরপাড়া এলাকায় মাকে মারধরের এ ঘটনা ঘটে।
মৃত মিনারা বেগম (৬৫) ওই এলাকার প্রয়াত অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিহাব উদ্দিন ফকিরের স্ত্রী। অভিযুক্তরা হলেন একই এলাকার মৃতের ছেলে কামরুল হাসান (৪০) ও পুত্রবধূ নিলুফা ইয়াসমিন (৩৫)।
পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, সোমবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে সম্পত্তি নিয়ে কামরুল হাসান ও তার স্ত্রী নিলুফা ইয়াসমিনের সঙ্গে মিনারা বেগম ও তার বড় মেয়ে শাহানা বেগমের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কামরুল ও তার স্ত্রী মিনারা বেগমকে মারধর করে আহত করেন বলে অভিযোগ রয়েছে।
নিহতের মেয়ে শাহানা বেগম চায়নার অভিযোগ, সম্পত্তি নিয়ে বিরোধের কারণে তার মা দীর্ঘদিন ধরে ভাই ও ভাবির নির্যাতনের শিকার হচ্ছিলেন। সোমবার সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায়ে মাকে মারধর করা হয়। এরপর তাকে ও তার মাকে ঘরে আটকে রাখা হয়। পরে মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে তিনি তার মামা আলামিনকে খবর দেন। তিনি এসে তাদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থা মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।