জামালপুর পৌরসভা নির্বাচন: তফসিলের আগেই সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ!
বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-16 13:56:54 · স্টাফ রিপোর্টার
তফসিলের আগেই সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, আলোচনায় যারা বিএনপির শামীম আহমেদ, খন্দকার আহসানুজ্জামান রুমেল, শাহ আব্দুল্লাহ আল মাসুদ, সোহেল রানা খান, জিএস ফিরোজ মিয়া, সজিব খান, রিশাদ রেজুয়ান বাবু, শুভ পাঠান এবং এনসিপির আবিদ সৌরভ ও জামায়াতের এডভোকেট মুজিবুর রহমান।
জামালপুর পৌরসভা নির্বাচন এখনও তপশিলের গণ্ডিতে ঢোকেনি, ভোটের দিন-তারিখও অজানা। অথচ মেয়র পদ ঘিরে শহরের রাজনীতিতে এরই মধ্যে শুরু হয়েছে ভোটের আগাম লড়াই। কে হবেন দলীয় প্রার্থী, কার ওপর ভরসা রাখবে দল, আর শেষ পর্যন্ত কার পক্ষে যাবে ভোটের মাঠের সমীকরণ—এসব প্রশ্নে সরগরম বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ভেতর-বাহির।
সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় তপশিল ঘোষণার আগেই জমে উঠছে মনোনয়ন দৌঁড়। এই দৌঁড়ে সবচেয়ে বেশি আলোচনায় বিএনপি। দলটির জেলা পর্যায়ের নেতা, জেলা ও পৌরসভার শীর্ষ পর্যায়ের একাধিক নেতা মেয়র পদে মনোনয়ন পেতে আগ্রহী। কেউ প্রকাশ্যে নিজের আগ্রহের কথা বলছেন, কেউ আবার দলীয় সিদ্ধান্তের কথা বলে সম্ভাবনার দরজা খোলা রাখছেন। কেউ প্রকাশ্যে আবার কেউ পর্দার আড়ালে কলকাঠি নাড়াচাড়া করছেন।
বিএনপির এই মনোনয়ন-সমীকরণের বাইরে নেই অন্য রাজনৈতিক দলগুলোও। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বামপন্থি দলগুলোও সম্ভাব্য প্রার্থী নিয়ে হিসাব কষছে। ফলে নির্বাচন কমিশনের তপশিল ঘোষণার আগেই জামালপুর শহরে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা, জনসংযোগ ও রাজনৈতিক হিসাব-নিকাশ।
বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দলের জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ, জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া। যার যার অনুসারীরা তাদের পছন্দসই সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে প্রচার করছেন। তবে বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন, এখন পর্যন্ত দল কাউকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি। ফলে মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা থেমে নেই।
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রীর ঘনিষ্ঠজন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আসানুজ্জামান রুমেল, বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সংসদ সদস্য এডভোকেট শাহ মুহাম্মদ ওয়ারেস আলী মামুনের ছোট ভাই জামালপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা যুবদলের আহবায়ক সজিব খান, জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বিএনপি নেতা রিশাদ রেজুয়ান বাবু এবং সাবেক ছাত্রদল নেতা শুভ পাঠান সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে এবং কেউ জনসংযোগ করছেন কেউবা ব্যানার পোস্টারে টানিয়ে নিজের প্রার্থীর্থা জানান দিচ্ছেন।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন মেয়ের নির্বাচনে দলের পক্ষ থেকে কাউকে চূড়ান্ত করা হয়েছে এমন কোনো তথ্য তিনি পাননি।
সম্ভাব্য সকল প্রার্থীই জনসংযোগ চালাচ্ছেন। জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকার কাজ করছেন। তবে প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত হাইকমান্ডের।
বিএনপির বাইরে জামায়াতে ইসলামীও নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী মুজিবুর রহমান কে মনোনয়ন দিয়েছেন দলটি। সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে তিনিও আলোচনায় রয়েছে। তাছাড়া এনসিপি আবিদ সৌরভকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন বলে জানা গেছে।
জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার বলেন, জোটের বিষয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে নেওয়া হবে। এখনও কেন্দ্র থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে স্থানীয়ভাবে অ্যাডভোকেট মুজিবুর রহমান কে নিয়ে তারা কাজ করছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য দলের প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি।
বামপন্থী দলগুলোর পক্ষ থেকেও প্রার্থী দেওয়ার প্রস্তুতি রয়েছে। তবে নির্বাচনের দিন-তারিখ নির্ধারিত না হওয়ায় এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি।
এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও কয়েকজনের নাম নগরীর রাজনৈতিক অঙ্গনে ঘুরছে। তবে তপশিল ঘোষণার পরই প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।