ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন
বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-16 13:18:16 · স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দিয়েছে সরকার। নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রাখতে থানাটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় নতুন থানা ও পৌরসভা গঠন, থানার নাম পরিবর্তন এবং উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরসহ বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করা হয়। সভার সিদ্ধান্তের বিষয়টি জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু।
নিকারের অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান পাগলা থানার নাম পরিবর্তন করা হবে। নতুন নাম হবে ‘দক্ষিণ গফরগাঁও থানা’। এর ফলে থানাটির প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাপ্তরিক কার্যক্রমে নতুন নাম ব্যবহৃত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে থানার নাম পরিবর্তনের প্রস্তাবটি নিকারের সভায় উপস্থাপন করা হয়। উপজেলা ও থানার নামের মধ্যে সামঞ্জস্য রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সভায় কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী থানা এবং বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে মোকামতলা থানা স্থাপনের অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া বগুড়ার মোকামতলা ও সিলেটের জৈন্তাপুরে নতুন দুটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও কুমিল্লার বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।