ময়মনসিংহ মেইল

রাজনীতিকে বিদায় জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. রবিউল ইসলাম রোমান

বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-16 07:38:44 · স্টাফ রিপোর্টার

‎মামার মৃত্যুর দিনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন মোঃ রবিউল ইসলাম রোমান। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বক্তব্যে তিনি স্বেচ্ছায় দলীয় রাজনীতি ছাড়ার এ সিদ্ধান্তের কথা জানান।‎‎রোমান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঝিনাইগাতী সদর ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।‎‎নিজের দেওয়া বক্তব্যে তিনি জানান, পারিবারিক রাজনৈতিক পরিবেশ থেকে ছোটবেলা থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। দলের বিভিন্ন মিছিল, মিটিং ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, মাদক বিস্তার, পাহাড় ধ্বংস এবং অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রতিকূলতার মুখোমুখি হওয়ার বিষয়গুলো তাকে হতাশ করেছে।‎‎বক্তব্যে রোমান অভিযোগ করেন, মাদক ও পাহাড় ধ্বংসের বিরুদ্ধে কথা বলা এবং অন্যায়ের প্রতিবাদ করায় স্থানীয় কিছু রাজনৈতিক নেতার ইশারা ও সহযোগিতায় তার ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রাণে বেঁচে ফিরলেও তার সঙ্গে থাকা মোটরসাইকেল নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন তিনি। পরবর্তীতে থানায় মামলা করতে গিয়ে রাজনৈতিক প্রভাবের কারণে অভিযোগ গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ করেন। পাশাপাশি তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানোর অভিযোগও তুলে ধরেন তিনি।‎‎রাজনীতি ছাড়ার সিদ্ধান্তের পেছনে মামা মরহুম আনিসুর রহমান কালুর মৃত্যুর ঘটনাটিও গভীর বেদনার কারণ হিসেবে উল্লেখ করেন রোমান।‎‎তার মামা আনিসুর রহমান কালু কাংশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। রোমানের দাবি, দলের কঠিন সময়ে নিজের সংসারের খরচের টাকা থেকেও দলীয় কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন তার মামা। রাজনৈতিক কারণে কারাবরণও করেছেন। অথচ জীবনের শেষ সময়ে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে প্রত্যাশিত খোঁজখবর ও সহযোগিতা পাননি বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।‎‎রোমান তার বক্তব্যে প্রশ্ন তুলে বলেন, দলের জন্য নিবেদিতপ্রাণ একজন মানুষ জীবনের শেষ সময়ে ন্যূনতম খোঁজখবরটুকুও না পেলে সেটি রাজনীতির জন্য কতটা বেদনাদায়ক!‎‎তিনি আরও বলেন, কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ সৃষ্টি বা কাউকে ছোট করা তার উদ্দেশ্য নয়। নিজের বিবেক, আত্মসম্মান এবং ন্যায়ের পক্ষে অবস্থান থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।‎‎বক্তব্যের শেষাংশে তিনি বলেন, রাজনীতির চেয়ে মানুষ বড়, পদ-পদবির চেয়ে মানবিকতা বড় এবং দলীয় পরিচয়ের চেয়ে ন্যায় ও সত্যের মূল্য অনেক বেশি। তিনি ঝিনাইগাতীকে মাদকমুক্ত, পাহাড় ও প্রকৃতিবান্ধব, অন্যায়-দুর্নীতিমুক্ত এবং মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।‎‎এদিকে মামার মৃত্যুর দিনে তার এমন রাজনৈতিক অব্যাহতির ঘোষণা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত