গোপালগঞ্জের তিন থানার ওসিকে কিশোরগঞ্জে বদলি
বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-16 06:33:29 · স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলির পর এবার জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কিশোরগঞ্জে বদলি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ বদলির তথ্য জানা যায়।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন—টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। আদেশ অনুযায়ী, তাঁদের তিনজনকেই কিশোরগঞ্জ জেলায় পদায়ন করা হয়েছে।
এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়। ফলে জেলার প্রশাসন ও পুলিশ বিভাগের একাধিক গুরুত্বপূর্ণ পদে ধারাবাহিক পরিবর্তন এসেছে।
সম্প্রতি গোপালগঞ্জে দিনভর বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছিল।
একের পর এক প্রশাসনিক ও পুলিশি পদে রদবদলের ঘটনায় গোপালগঞ্জজুড়ে আলোচনা তৈরি হয়েছে।