সব ধরনের সম্পদেরই কি যাকাত দিতে হয়?
ধর্ম · 2026-11-16 13:59:10 · মেইল ডেস্ক
যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ বিধান ও ইসলামের পঞ্চস্তম্ভের একটি। সমাজের বিত্তশালীদের ওপর যাকাত আদায় ফরজ। যাকাত সম্পদ পবিত্র করে, বিত্তশালীদের পরিশুদ্ধ করে, দারিদ্র্য মোচন করে, উৎপাদন বৃদ্ধি করে, অর্থনৈতিক বৈষম্য হ্রাস করে এবং সমাজে শান্তি আনে।পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘তোমরা সালাত আদায় কর এবং যাকাত প্রদান কর। তোমরা যে উত্তম কাজ নিজেদের জন্য অগ্রে প্রেরণ করবে তা আল্লাহর নিকটে পাবে। নিশ্চয়ই তোমরা যা কর আল্লাহ তা দেখছেন। (সুরা বাকারা, আয়াত : ১১০)
অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা সালাত আদায় কর, যাকাত দাও এবং রাসুলের আনুগত্য কর যাতে তোমরা অনুগ্রহভাজন হতে পার।’ (সুরা নূর, আয়াত : ৫৬)
সব ধরনের সম্পদেই কি যাকাত আদায় করতে হয়? জানার বিষয় হল, কোন কোন সম্পদে যাকাত ফরজ নয়, আর কোন কোন সম্পদে ফরজ?
মহান রাব্বুল আলামীনের মহান অনুগ্রহ যে, তিনি সর্বধরনের সম্পদের উপর যাকাত ফরজ করেননি, কেবলমাত্র বর্ধনশীল সম্পদ অর্থাৎ ১. সোনা ২. রূপা ৩. নগদ অর্থ, টাকা-পয়সা ইত্যাদি ৪. ব্যবসারদ সম্পদ ৫. বিচরণশীল চতুষ্পদ জন্তু গরু ছাগল ইত্যাদি যাকাতযোগ্য।
এ পাঁচ প্রকার সম্পদের উপর যাকাত ফরজ। যদি তা নিসাব পরিমাণ হয় এবং পূর্ণ এক চান্দ্র বছর অতিক্রান্ত হয়। আর জন্তুর ক্ষেত্রে অতিরিক্ত আরেকটি শর্ত আছে, তা হল যদি বছরের অধিকাংশ সময় তার জন্য খাবারের ব্যবস্থা করার প্রয়োজন না হয়। বরং মাঠে-ঘাটে বিচরণ করে নিজের খাবার নিজেই সংগ্রহ করে থাকে।
বছর পূর্ণ হওয়ার আগেই যদি এসব সম্পদ নিঃশেষ হয়ে যায় বা কোনভাবে যেকোন উদ্দেশ্যে ব্যয় করা হয়, তাহলে ব্যয়কৃত সম্পদের যাকাত দিতে হয় না। শুধু বছর অতিবাহিত হওয়ার সময় যে পরিমাণ সম্পদ মালিকানা স্বত্বে বিদ্যমান থাকবে তার ৪০ ভাগের ১ ভাগ যাকাত হিসেবে আদায় করতে হবে।
উপরোক্ত পাঁচ প্রকার সম্পদ ছাড়া অন্য কোন সম্পদ যত মূল্যবানই হোক যেমন হীরা, জাওহর যদি তা ব্যবসার উদ্দেশ্যে না হয়, তাহলে সেগুলোর উপর যাকাত ফরয নয়।