জামালপুরে মায়ের অভিযোগে মাদকাসক্ত দুই ছেলের কারাদণ্ড
বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-17 08:33:52 · স্টাফ রিপোর্টার
জামালপুরের দেওয়ানগঞ্জে মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদক সেবন ও পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণের দায়ে দুই সহোদর ভাইকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বড় ভাই সাদমান সাকিবকে (২৪) এক বছর এবং ছোট ভাই মো. সান তাসফিকে (১৯) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত দুই ভাই উপজেলার চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তাঁদের মা ছাবিনা ইয়াসমিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ভাই দীর্ঘদিন ধরে মাদক সেবনে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। মাদকের টাকা জোগাড় করতে তাঁরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতেন বলেও অভিযোগ পাওয়া গেছে। ছেলেদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে মা ছাবিনা ইয়াসমিন বিভিন্নভাবে চেষ্টা করেও সফল হননি।
অভিযোগ অনুযায়ী, সম্প্রতি টাকার জন্য দুই ভাই মাকে মারধরসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। একপর্যায়ে নিরুপায় হয়ে মা তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন। পরে পুলিশ তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন জানান, জিজ্ঞাসাবাদে দুই ভাই মাদক সেবন এবং পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের কথা স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে এক বছর এবং অপরজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মায়ের অভিযোগের ভিত্তিতে দুই ছেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।