ময়মনসিংহ মেইল

দুর্গাপুরে বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব উদযাপন

বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-17 13:44:27 · স্টাফ রিপোর্টার

দুর্গাপুর প্রতিনিধি ; বাংলার শেকড়, লোকজ সংস্কৃতি ও কৃষিভিত্তিক ঐতিহ্যকে ধারণ করে নেত্রকোনার দুর্গাপুরে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে নবান্ন উৎসব। নতুন ধানের আগমন, গ্রামীণ জীবনের আনন্দ এবং আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ আয়োজন করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি প্রাঙ্গণে অবস্থিত একাডেমির মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

একাডেমির নৃত্যশিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন একাডেমির পরিচালক অঞ্জন চিছাম ও বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ। এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিক ধনেশ পত্রনবিশ ও শাহীন মিয়া, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা পর্বে একাডেমির পরিচালক অঞ্জন চিছাম বলেন, বাংলার কৃষিজীবী সমাজের সঙ্গে নবান্ন উৎসবের সম্পর্ক অত্যন্ত নিবিড়। কৃষকের শ্রম, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক এবং নতুন ফসল ঘরে তোলার আনন্দকে কেন্দ্র করেই এ উৎসবের প্রচলন। অগ্রহায়ণ মাসে নতুন ধান ঘরে তোলা এবং সেই ধানের প্রথম অন্ন গ্রহণের মধ্য দিয়ে নবান্নের মূল আনন্দ প্রকাশ পায়।

তিনি আরও বলেন, নবান্ন কেবল নতুন ধানের উৎসব নয়, এটি বাঙালির আত্মপরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। সময়ের পরিবর্তনে জীবনযাত্রায় নানা পরিবর্তন এলেও এ ধরনের আয়োজন আমাদের শেকড়ের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে সহায়তা করে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিনির্ভর বাংলার মানুষের জীবন-জীবিকা, সামাজিক বন্ধন ও আনন্দ-উৎসবের সঙ্গে নবান্ন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। নতুন ফসল ঘরে তোলার আনন্দকে কেন্দ্র করে এ উৎসব সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়। আধুনিকতার প্রভাবে গ্রামীণ অনেক ঐতিহ্য হারিয়ে যাওয়ার প্রেক্ষাপটে নবান্নের মতো আয়োজন নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে পরিচিত করার সুযোগ সৃষ্টি করে।

আলোচনা সভা শেষে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে লোকজ নৃত্য, গান ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে বাংলার চিরায়ত জীবনধারা, গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়। শিল্পীদের পরিবেশনায় মিলনায়তনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নবান্ন উৎসবের এ আয়োজনের মধ্য দিয়ে বাংলার কৃষি, প্রকৃতি, লোকজ সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরা হয়।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত