বজ্রপাতের ঝুঁকি কমাতে বকশীগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে তালগাছের চারা রোপণ
বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-09 09:20:12 · স্টাফ রিপোর্টার
চারা রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজাদুর রহমান খান। এ সময় তিনি বলেন, বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ। বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত সম্পর্কে সচেতনতা তৈরিতে বেশি বেশি তালগাছ রোপণ করা প্রয়োজন। পাশাপাশি রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আকতার হোসেন মাস্টার। তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বিশেষ করে তালগাছ বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় সহায়ক হতে পারে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে বৃক্ষরোপণে উৎসাহিত করবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে বাস্তবমুখী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করা জরুরি। বিদ্যালয়ের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার ইতিবাচক মনোভাব গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আখতারুজ্জামানসহ অন্যান্য সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ নয়, বরং রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। তাহলেই এ উদ্যোগ পরিবেশ সুরক্ষা ও বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।