অসহায় মানুষের পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’
বৃহত্তর ময়মনসিংহ ·
2026-11-08 10:08:21
· স্টাফ রিপোর্টার
পেটের দায়ে সারাদিন এদিক-সেদিক ঘুরে বেড়ান তারা। কারও নির্দিষ্ট ঠিকানা নেই, কারও নেই নিয়মিত খাবারের নিশ্চয়তা। কখনো কারও দেওয়া খাবার, কখনো অনাহারেই কাটে দিন। এমন ভবঘুরে ও অসহায় মানুষকে একবেলা খাবার দিতে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনতার ঈশ্বরগঞ্জ’।
রবিবার (৮ নভেম্বর) বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে প্রায় অর্ধশত ভবঘুরে ও অসহায় পথচারীর মধ্যে খাবার বিতরণ করেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
খাবার পেয়ে তৃপ্তির কথা জানালেন উপকারভোগী মোনায়েম হোসেন ও রহিমা খাতুন। তারা বলেন, ‘পেটের দায়ে সারাদিন ঘুরে বেড়াই। এই খাবার অন্তত একবেলা তৃপ্তি করে খেতে পারব। যাঁরা খাবার দিয়েছেন, আল্লাহ তাদের মঙ্গল করুন।’
এ সময় উপস্থিত ছিলেন জনতার ঈশ্বরগঞ্জের মডারেটর ও দায়িত্বশীল জুনায়েদ আল হাবিব ও আদিল সরকার। এ ছাড়া সংগঠনের স্বেচ্ছাসেবী সূর্য রয়, শেখ ফাহিম ও শুভ কর্মসূচিতে অংশ নেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা এহসানুল হক বলেন, ‘গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে জনতার ঈশ্বরগঞ্জের স্বেচ্ছাসেবীরা সব সময় মানবিক কার্যক্রম নিয়ে এগিয়ে থাকতে চান। সবাইকে সঙ্গে নিয়ে একটি মানবিক সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’ তিনি আরও বলেন, মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।