বরনডালা সাজিয়ে নববধূবেশে হৃদয়ে শরৎ
সাহিত্য সংস্কৃতি · 2026-08-19 06:57:40 · উত্তম ঘোষ
নিঃশব্দে নিরবে , কোনো আগমনী বাদ্য না বাজিয়ে আজ শরৎ হাজির হৃদয়ের আকাশে। বর্ষার ভেজা চুল শুকিয়ে, আকাশের কপালে নীল টিপ এঁকে, দূর দিগন্তে সাদা মেঘের ভেলা ভাসিয়ে শরৎ এসে দাঁড়িয়েছে আমাদের উঠোনে। দুয়ারে আজ দাঁড়িয়ে আছে শরত বরনডালা সাজিয়ে নববধূবেশে। শরৎ আমার কাছে শুধু একটি ঋতু নয়; এটি সৌন্দর্যের কাছে আত্মসমর্পণের ঋতু। নীল আকাশের নিচে, সাদা মেঘের ভেলায়, কাশবনের দোলায় আমি যেন প্রকৃতির গোপন কোনো সুর শুনতে পাই। সেই সুরে বিষাদ আছে, প্রেম আছে, স্মৃতি আছে—আছে বেঁচে থাকার এক নির্মল আনন্দ।শরতের সৌন্দর্যে অবগাহন করি। কিছুক্ষণ পৃথিবীর সমস্ত ব্যস্ততা ভুলে নীল আকাশের দিকে তাকাই।হয়তো সেখানেই, সাদা মেঘের আড়ালে, আমাদের হারিয়ে যাওয়া কোনো স্বপ্ন এখনো নীরবে অপেক্ষা করছে।আমি দাঁড়িয়ে থাকি ব্রম্মপুত্র নদের কাশবনে।নীলের অসীম সমুদ্রের ওপর সাদা সাদা মেঘের ভেলা—কখনো পাশাপাশি, কখনো একা। মনে হয়, তারা কোনো অচিন দেশে যাচ্ছে; পেছনে ফেলে যাচ্ছে বর্ষার কান্নাভেজা দিনগুলো।আর নিচে মাঠের বুকজুড়ে কাশফুল।অসংখ্য সাদা ফুল বাতাসে দুলছে। দূর থেকে মনে হয়, মাটির ওপর কে যেন সাদা চাদর বিছিয়ে দিয়েছে। প্রকৃতি যেন নিজেই আজ সাদা শাড়ি পরে কোনো অদৃশ্য উৎসবের অপেক্ষায়।একটি শরতের বিকেল, এক মুঠো স্মৃতি এবং ফিরে না-পাওয়ার হাজারো ব্যথা। এক বুকের ভেতর জমিয়ে রাখা এক সমুদ্র নীরবতা নিয়ে।