কুড়িয়ে পাওয়া টাকার মালিক খুঁজতে দুই দিন ধরে মাইকিং
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-12 15:25:43 · স্টাফ রিপোর্টার
রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করতে টানা দুই দিন ধরে এলাকায় মাইকিং করছেন এক তরুণ। নিজের অর্থ খরচ করে মালিকের সন্ধানে এমন উদ্যোগ নিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গার্মেন্টস ব্যবসায়ী ও তরুণ সংবাদকর্মী আতিকুর রহমান খান।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে নিজের দোকানে যাওয়ার পথে ঝিনাইগাতী বাসস্ট্যান্ড এলাকায় বেশ কিছু টাকা পড়ে থাকতে দেখেন আতিকুর। মোটা অঙ্কের টাকা দেখেও লোভের বশবর্তী না হয়ে তা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।প্রথমে নিজের ফেসবুক আইডি এবং স্থানীয় বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপে টাকা পাওয়ার বিষয়টি জানিয়ে পোস্ট দেন। পোস্টটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও দুই দিনেও টাকার মালিকের সন্ধান পাওয়া যায়নি।এরপর ব্যতিক্রমী উদ্যোগ নেন আতিকুর। নিজের খরচে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং শুরু করেন। মাইকিংয়ের মাধ্যমে টাকা হারানো ব্যক্তিকে যথাযথ প্রমাণসহ যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে।আতিকুর রহমান খান বলেন, রাস্তায় পড়ে থাকা টাকা নিজের কাছে রেখে দেওয়া ঠিক হবে না। টাকার প্রকৃত মালিক হয়তো অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন। তাই যেভাবেই হোক মালিককে খুঁজে বের করে টাকাগুলো ফেরত দিতে চান তিনি।স্থানীয়রা জানান, বর্তমানে নানা ধরনের প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনা যখন প্রায়ই আলোচনায় আসে, তখন কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে একজন তরুণের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তার এই কর্মকাণ্ড অন্যদেরও সততা ও মানবিকতার পথে উৎসাহিত করবে।আতিকুর রহমান খান স্কুলজীবন থেকেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত। ব্যবসা পরিচালনার পাশাপাশি তিনি একটি বেসরকারি গণমাধ্যমে স্থানীয় সংবাদকর্মী হিসেবে কাজ করছেন। এছাড়া ‘ভয়েস অব সিটিজেন’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ-দুর্দশা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করছেন তিনি।কুড়িয়ে পাওয়া টাকার মালিককে খুঁজে বের করতে তার এই উদ্যোগে ঝিনাইগাতীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রশংসা করছেন।