পুঁজির অভাবে ধুকছে গৌরীপুরের কারখানার ক্ষুদ্র উদ্যোক্তারা
বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-15 10:31:21 · স্টাফ রিপোর্টার
ছোট্ট একটি মহল্লার অলি-গলিতে গড়ে উঠেছে ছোট ছোট কারখানা। সেখানে বসে কেউ কাপড় কাটছেন। কেউ কেউ মেশিনে কাপড় সেলাই করে তৈরি করছেন বাহারি পোশাক। এরপর পোশাকগুলো ভাজ করে সাজিয়ে রাখছেন সারি সারি। এরপর এই পোশাক বিক্রির জন্য জন্য চলে দেশের নানা প্রান্তে।
এই চিত্র ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নতুন বাজার মহল্লায়। এই মহল্লার অলি-গলি ও বাড়িতে গড়ে উঠেছে ছোট ছোট পোশাক কারখানা। একসময় এই ব্যবসায় নতুন নতুন উদ্যোক্তা তৈরি হলেও এখন পুঁজি সংকট, কাঁচামালের বাড়তি দাম ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে টিকে থাকার লড়াই করছেন কারিগর ও ক্ষুদ্র উদ্যোক্তারা।
স্থানীরা জানান স্বাধীনতার আগে মুন্সীগঞ্জের বিক্রমপুর থেকে আসা কয়েকটি পরিবারের হাত ধরে নতুন বাজারে দর্জি শিল্পের গোড়াপত্তন হয়। একসময় এলাকাটি ‘খলিফাপট্টি’ নামেও পরিচিত ছিল। পরবর্তী সময়ে স্থানীয় বাসিন্দারা কাজ শিখে এ শিল্পকে এগিয়ে নেন। বর্তমানে স্থানীয় হিসাবে প্রায় ৩০০ থেকে ৪০০ পরিবারের জীবিকা জড়িয়ে আছে এই শিল্পের সঙ্গে।
প্রায় ৫০ বছর ধরে এ পেশায় যুক্ত প্রবীণ কারিগর দ্বীন ইসলাম মন্টু। তিনি জানান, তাঁর চাচা সোনা মিয়া খলিফাসহ সাত ভাই বিক্রমপুর থেকে এসে এই ব্যবসা শুরু করেন। অতীতের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘আগে চট্টগ্রাম থাইকা পুরান গাউন ও কাপড় আইন্না কাইটা বিক্রি করতাম। এখন জিনিসপত্রের যে দাম! কারিগরদের ৪০০ থাইকা ৭০০ টাকা হাজিরা দিয়া আমাদের পোষায় না।’
আক্ষেপ করে তিনি আরও বলেন, ‘পুঁজি নাই দেইখাই তো এই অবস্থা। শীতের কাপড় বানাইছি, কিন্তু শীত নাই দেইখা এখন কানতাছি।’
স্বাধীনতার আগে থেকে এ পেশায় থাকা প্রবীণ কারিগর আব্দুল কাদির বলেন, ‘আগে ওস্তাদদের কাছে কাজ শিখতাম। কাজ করার পর কিছু খাইতে দিত। পরে পাকিস্তান আমলে আমার বেতন ধরল ১৫ টাকা। সেই থাইকা আইজ পর্যন্ত এই কাজই করতেছি।’
ষাটোর্ধ্ব কারিগর মোহাম্মদ মিজবাহ প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে গার্মেন্টসের টুকরো কাপড় বা ঝুট দিয়ে শিশুদের প্যান্ট-শার্ট তৈরি করছেন। অন্যদিকে ২৬ বছর ধরে সেলাই মেশিন মেরামতের কাজ করা মোহাম্মদ আবু কালাম জানান, কখনো কাজের চাপে খাওয়ার সময় পান না, আবার কখনো টানা দুই দিনও কাজ থাকে না।
নতুন বাজারের এসব কারখানায় তৈরি হয় প্যান্ট, গেঞ্জি, ট্রাউজার, সালোয়ার-কামিজ ও শীতের পোশাক। ঢাকা, টঙ্গী, কোনাবাড়ী, মিরপুর ও নারায়ণগঞ্জ থেকে কাঁচামাল এনে পোশাক তৈরি করেন উদ্যোক্তারা। এসব পোশাক পাইকারদের মাধ্যমে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। অনেক নারীও বাড়িতে বসে সেলাইয়ের কাজ করে সংসারে বাড়তি আয় করছেন।
তবে সম্ভাবনাময় এই শিল্পের সবচেয়ে বড় বাধা পুঁজি সংকট। প্রায় ৩০ বছর ধরে ব্যবসা করা কারখানা মালিক ও কাটিং মাস্টার মোহাম্মদ হাসান বলেন, ‘সবকিছুর দাম বেশি, রুটিরুজি ঠিকমতো মিলে না। পুঁজির অভাবে আমরা সংসার চালাইতে হিমশিম খাইতেছি, ব্যবসা ছাইড়া পলায়ন করার অবস্থা তৈরি হইছে।’
আরেক উদ্যোক্তা মোহাম্মদ হোসেন তারেক জানান, ব্যবসা সম্প্রসারণের ইচ্ছা থাকলেও পুঁজির অভাবে তা সম্ভব হচ্ছে না। ব্যাংকঋণের জন্য জমির দলিল বা জামানত চাওয়া হয়, যা অনেক ক্ষুদ্র উদ্যোক্তার পক্ষেই দেওয়া সম্ভব নয়।
কারিগর ও উদ্যোক্তাদের দাবি, সহজ শর্তে জামানতবিহীন ঋণ, প্রশিক্ষণ ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পে আরও কর্মসংস্থান সৃষ্টি সম্ভব।
এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা জানান, কারিগরদের এই সম্ভাবনাময় উদ্যোগ প্রশাসনের জন্য একটি গর্বের বিষয় এবং এটিকে কুটির শিল্প হিসেবে বিকশিত করার সুযোগ রয়েছে। সরকারি বিভিন্ন দপ্তর সাধারণত তাদের নিজস্ব প্রশিক্ষিতদের ঋণ দিয়ে থাকে। তবে এ বছর ব্যাংকগুলোকে সহজ শর্তে ভালো ঋণ দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। জমির দলিল ছাড়াই কেবল ট্রেড লাইসেন্স বা দোকান ভাড়ার চুক্তিপত্রের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তারা কীভাবে ব্যাংকঋণ পেতে পারেন, সে বিষয়ে ব্যাংক কর্মকর্তা ও উদ্যোক্তাদের নিয়ে আমরা বসব।