ময়মনসিংহ মেইল

টোকিও তানপেন ফেস্টে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর চলচ্চিত্র ‘অল আই ড্রিম’

ক্যাম্পাস মেইল · 2026-08-22 13:15:57 · মোঃ মুশফিকুর রহমান তুহিন

জাপানের ১০ম টোকিও তানপেন ফেস্ট ২০২৬-এর অফিসিয়াল সিলেকশনে স্থান পেয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আদনান মেঘালয় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অল আই ড্রিম’।আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের স্টুডেন্ট ডিভিশনের ‘ফার্স্ট সিলেক্ট’ বিভাগে ২৩১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে নির্বাচিত ১৯টি চলচ্চিত্রের একটি ‘অল আই ড্রিম’। প্রথম ধাপের বিচারপর্ব পেরিয়ে চলচ্চিত্রটি এ তালিকায় স্থান পেয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর জাপানের নাকানো সিটি অফিসের প্রথম তলার নাকানোবা ও নাকানোয়া এনওয়াই ক্যাফেতে অনুষ্ঠিত হবে টোকিও তানপেন ফেস্ট।পাঁচ মিনিট দৈর্ঘ্যের এই স্বল্পদৈর্ঘ্য ফিকশন চলচ্চিত্রটির পরিচালক ও সম্পাদক আদনান মেঘালয়। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন মোস্তাভি তাওফি, সহকারী পরিচালক স্বচ্ছ অ্যাশ এবং লাইন প্রডিউসার মাহমুদুল রহমান। এতে অভিনয় করেছেন সাবরিনা সিদ্দিকা নাফিয়া, ওসমান গনি, আবদুল্লাহ আল মামুন ও আবির হাসান। সংগীত পরিচালনা করেছেন জাইথেপ রারোয়েংজাই।নিজের চলচ্চিত্রের আন্তর্জাতিক স্বীকৃতির অনুভূতি জানিয়ে নির্মাতা আদনান মেঘালয় বলেন, ‘আমার মনে আছে, আমি ভার্সিটি ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। তখন তাওফি-স্বচ্ছ আমাকে যেতে দেয়নি। এমন সময় স্বচ্ছ বলে, ‘তুই থাকলে তোর গল্পের ওপর আমরা সিনেমা বানাব।’ এটা শোনার পর আমি যাইনি এবং আমরা এখন এখানে। আমাদের সিনেমা যে আন্তর্জাতিক বিশ্বে প্রভাব ফেলতে পারছে, সেটাই অনেক বড় বিষয়। অামি আশা করছি, এটা মানুষের মধ্যে আরও বেশি অনুপ্রেরণা জাগাবে।’

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত