ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ: শিক্ষককে অব্যাহতি, তদন্ত কমিটি
সারা দেশ · 2026-09-10 12:39:52 · মেইল ডেস্ক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে। এছাড়া ঘটনার তদন্তে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে চার সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলম।
তদন্ত কমিটিতে উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদারকে আহ্বায়ক করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিলকিস খানমকে সদস্য করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
অভিযুক্ত ফারুকুজ্জামান ফারুক টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক।
টুঙ্গিপাড়ার ইউএনও দিদারুল আলম বলেন, ‘বালিকা বিদ্যালয়টি সরকারি প্রতিষ্ঠান। তাই নিয়োগকারী কর্তৃপক্ষ না হওয়ার কারণে অভিযুক্ত শিক্ষক ফারুককে সাময়িক বরখাস্ত করা সম্ভব হয়নি। কিন্তু ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে তাকে পাঠদান থেকে অব্যাহতি দিয়ে বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে। এছাড়া বিষয়টি তদন্তের জন্য চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সেটা শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক বরাবর পাঠানো হবে। আশা করি তখন তিনি অভিযুক্ত শিক্ষক ফারুকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।’
উল্লেখ্য, টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, তাদের শরীরে স্পর্শ করার চেষ্টা ও ক্লাস শেষে খাতা দেখতে একা যেতে বলাসহ বিভিন্ন অভিযোগে শিক্ষক ফারুকের শাস্তি ও বদলির দাবিতে গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ করে ছাত্রীরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার ঘটনাস্থলে যান। পুলিশ সেখানে যায়। প্রশাসন শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া ও বিচার করার আশ্বাস দেওয়ায় শিক্ষার্থীরা তাদের ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফিরে যায়।