সাংবাদিক হেনস্তা: ময়মনসিংহ পৌর ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৭ দিনের আলটিমেটাম
বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-13 07:17:50 · মোঃ ফরহাদ হোসেন মায়া
ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে চার সাংবাদিককে হেনস্তা, গালিগালাজ ও আটকে রাখার হুমকি দেওয়ার প্রতিবাদে অভিযুক্ত নায়েবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।শুক্রবার সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযুক্ত নায়েব আবুল কালামকে সাত দিনের মধ্যে প্রত্যাহার, ঘটনার তদন্তে কমিটি গঠন এবং তাঁকে বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিসহ কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আলম রফিক বলেন, সাংবাদিকদের বেঁধে রেখে পিটানোর হুমকি দেওয়া নায়েবের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অভিযুক্ত আবুল কালামকে দ্রুত অপসারণ করে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে ময়মনসিংহের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশ নেন।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) তথ্য সংগ্রহ করতে গিয়ে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে নায়েব আবুল কালামের হেনস্তার শিকার হন চার সাংবাদিক।