শাপলার বিল : আমাদের হরিবিল
খোলা কলাম · 2026-08-30 12:20:13 · উত্তম ঘোষ
ঠিক এতটা কাছে নয়। আবার দূরেও নয়। বাড়ির কাছেই গলহর বিল,চেঁচুয়া বিল আজ এগুলো সোস্যাল মিডিয়া ভাইরাল হয়ে যাচ্ছে। শাপলা ফুল দেখতে এত মানুষ আসে। একদিন আমাদের ঘরের পিছনে হরিবিলে এত শাপলা ফুটত আমরা বুক পানিতে নেমে শাপলার ভেট তুলে ভিতরের অংশ খেতাম। স্কুল থেকে ফিরে বিলে বড়শি দিয়ে মাছ ধরা ছিল আমার আর এক নেশা। মাছ না পেলে শাপলা তুলে শাপলা ডাটা দিয়ে মালা তৈরি করে গলায় দিয়ে বাড়ি ফিরতাম। ঐদিন মা বুঝতে পারত আজ মাছ পাইনি। দিনের বেলায়।বর্ষার ভরা যৌবনে হরি বিলের শাপলা বিল যেন আরও আপন রূপে ধরা দিত। সূর্যের আলো পানির ওপর ছড়িয়ে পড়ে চকচক করত, চারপাশে এক রঙিন আভা ছড়িয়ে যায়। পানির বুক জুড়ে শাপলার পাতা সবুজ বিছানার মতো ভেসে থাকত, তার ফাঁকফোকর থেকে ফুটে ওঠত সাদা আর লাল শাপলার হাসি। হালকা বাতাসে পানির ঢেউ দুলতে দুলতে ফুলগুলোকেও নাচিয়ে তুলত। দূরে কোথাও শোনা যেত পাখির ডাক, মাঝে মাঝে কলা গাছের ভেলা বেয়ে চলে যেত আমার মত কৃষকের পোলা।দূর্ভাগ্য আজ সেই হরিবিলের রূপ সৌন্দর্য শাপলার দৃশ্য বিলীন হয়ে গেছে। আজ আমার সন্তানকে শাপলা বিল দেখাতে বাড়ির পাশেই গলহর বিল, চেঁচুয়া বিল দেখাতে নিয়ে যেতে হয়।