পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণ বসবাস, আতঙ্কে কাটছে জীবন
সারা দেশ · 2026-08-11 06:38:23 · মেইল ডেস্ক
কক্সবাজারের পেকুয়া উপজেলার পাহাড়ি ও পাহাড় সংলগ্ন এলাকায় ঝুঁকি নিয়ে বসবাস করছে শত শত পরিবার। জীবিকার তাগিদ, নিজস্ব জায়গা-জমির অভাব এবং বিকল্প আবাসনের ব্যবস্থা না থাকায় পাহাড়ের পাদদেশ ও ঢালে ঘর তুলে বসবাস করতে বাধ্য হচ্ছে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। বর্ষা মৌসুমে টানা বৃষ্টি শুরু হলেই এসব পরিবারের মধ্যে দেখা দেয় পাহাড়ধসের আতঙ্ক।
বিশেষ করে উপজেলার টইটং, বারবাকিয়া ও শিলখালী ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ বসতির সংখ্যা বেশি। পাহাড়ের ঢালে কেটে তৈরি করা ঘর, পাহাড়ের একেবারে পাদদেশে বসতঘর এবং ঘরের পেছনে খাড়া পাহাড় সব মিলিয়ে এসব এলাকার বাসিন্দাদের জীবন যেন প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে চলছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক বছর ধরে পাহাড়ি এলাকায় বসতি বাড়ার পাশাপাশি কোথাও কোথাও পাহাড়ের ঢাল কেটে ঘরবাড়ি ও চলাচলের পথ তৈরি করা হয়েছে। এতে পাহাড়ের স্বাভাবিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। বর্ষায় টানা বৃষ্টির পানি মাটির ভেতরে ঢুকে গেলে নরম হয়ে যাওয়া মাটি হঠাৎ ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়।
গত ৬ জুলাই টানা ভারী বৃষ্টির মধ্যে পেকুয়ার টইটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলমের ঝিরি (আলিম্যার ঝিরি) খলিফা মুড়া এলাকায় পাহাড়ধসে মাটি চাপা পড়ে ৭ বছরের এক শিশু নিহত হয়।
নিহত মিনহাজ ওই এলাকার বাসিন্দা কলিম উল্লাহর ছেলে। একই ঘটনায় জান্নাতুল ফেরদৌস (৬৫) নামে এক বৃদ্ধা আহত হয়। আহত বৃদ্ধা ছাবের আহমদের স্ত্রী এবং নিহত শিশুটির নানি।
ওই দিন বিকেলের দিকে পাহাড়ের মাটি ধসে শিশুটি মাটির নিচে চাপা পড়ে। পরে তাকে উদ্ধার করা হলেও তার মৃত্যু হয়। ভারী বর্ষণের মধ্যে পাহাড়ি এলাকায় বসবাস কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, এই মৃত্যুর ঘটনা তারই নির্মম উদাহরণ।
শিশুমৃত্যুর ওই ঘটনার পর পাহাড়ি এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। স্থানীয়দের ভাষ্য, বৃষ্টি শুরু হলে অনেক পরিবার ঘরে অবস্থান করলেও ঘুমাতে পারেন না। পাহাড়ের ঢাল থেকে মাটি বা গাছের অংশ নেমে আসার শব্দ পেলেই শিশুদের নিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিতে হয়।
সম্প্রতি পাহাড়ি এলাকাগুলো ঘুরে দেখা গেছে, অনেক বসতঘরের একেবারে পাশেই রয়েছে খাড়া পাহাড়ের ঢাল। কোথাও পাহাড় কেটে সমতল করে ঘর তৈরি করা হয়েছে। আবার কোনো কোনো বাড়ির পেছনে পাহাড়ের ঢাল এতটাই খাড়া যে ভারী বৃষ্টির সময় মাটি সরে গেলে সরাসরি বসতঘরের ওপর পড়তে পারে।
বিভিন্ন স্থানে পাহাড়ের ঢালে নতুন করে মাটি সরে যাওয়ার চিহ্নও দেখা গেছে। কোথাও পাহাড়ের কিনারা ভেঙে মাটি ও গাছের শিকড় ঝুলে রয়েছে। এসব ঘরে শিশু, নারী ও বয়োবৃদ্ধদের নিয়ে বসবাস করছেন পরিবারগুলো।
টইটংয়ের লাইনেরশিরা এলাকার বাসিন্দা হাজেরা বেগমও এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন। ষাটোর্ধ্ব এই নারী একসময় উজানটিয়া ইউনিয়নে বসবাস করতেন। সাগরের জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি থেকে বাঁচতে পরে টইটংয়ের পাহাড়ি এলাকায় এসে বসতি গড়েন। স্বামী মারা যাওয়ার পর ছেলের বউ ও নাতি-নাতনিদের নিয়ে পাহাড়ের ঢালে বসবাস করছেন তিনি।
গত জুলাইয়ে টানা বৃষ্টির সময় তার বসতঘরের কাছের পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এরপর থেকে বৃষ্টি হলেই আতঙ্কে থাকতে হচ্ছে পরিবারটিকে।
হাজেরা বেগমের পরিবারের সদস্য রহিমা বেগম বলেন, ‘তিনটি শিশু সন্তান নিয়ে প্রতিটি রাত আতঙ্কে কাটছে। কখন যে পাহাড় ধসে ঘরের ওপর পড়ে, সেই ভয় থাকে। এমন রাতও গেছে, সন্তানদের নিয়ে ঘুমাতে পারিনি। বৃষ্টি হলেই সবাইকে নিয়ে জেগে থাকি।’
তিনি বলেন, ‘আমাদের নিজের কোনো জায়গা-জমি নেই। কোথাও যাওয়ার মতো জায়গাও নেই। বাধ্য হয়েই পাহাড়ের পাশে বসবাস করছি। একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা হলে আমরা সেখানে চলে যেতে চাই।’
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘পাহাড়ি এলাকায় বসবাসকারী অনেক পরিবারই নিম্ন আয়ের। তাদের কারও নিজস্ব জমি নেই। আবার কেউ উপকূলীয় জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, নদীভাঙনসহ বিভিন্ন দুর্যোগে বসতভিটা হারিয়ে পাহাড়ের ঢালে আশ্রয় নিয়েছেন।’
ফলে এক দুর্যোগ থেকে বাঁচতে গিয়ে আরেক দুর্যোগের ঝুঁকিতে পড়েছেন এসব মানুষ।
তাদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ বসতি চিহ্নিত করা হলেও স্থায়ীভাবে সরিয়ে নেওয়ার মতো বিকল্প আবাসনের ব্যবস্থা নেই। ফলে পাহাড়ধসের আশঙ্কা জেনেও অনেক পরিবার বাধ্য হয়ে একই জায়গায় বসবাস করছে।
পাহাড় কাটা ও গাছপালা নিধনে বাড়ছে ঝুঁকি স্থানীয় বাসিন্দা ও পরিবেশ কর্মী আলা উদ্দিন আলো জানান, পাহাড়ের ঢাল কেটে বসতি ও রাস্তা তৈরি, অপরিকল্পিতভাবে মাটি কাটা এবং পাহাড়ের গাছপালা উজাড় করার কারণে পাহাড়ের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে।
গাছের শিকড় পাহাড়ের মাটি ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু পাহাড়ের ঢাল থেকে গাছপালা সরিয়ে ফেললে বৃষ্টির পানি সহজে মাটির গভীরে প্রবেশ করে এবং মাটি আলগা হয়ে যায়। দীর্ঘ সময় ভারী বৃষ্টি হলে তখন ধসের ঝুঁকি আরও বেড়ে যায়।
এ অবস্থায় ঝুঁকিপূর্ণ পাহাড় ও বসতিগুলো চিহ্নিত করে ঝুঁকির মাত্রা অনুযায়ী পরিবারগুলোর তালিকা তৈরি, পাহাড় কাটা বন্ধ, প্রাকৃতিক গাছপালা সংরক্ষণ এবং অতিঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘ঝুঁকিপূর্ণ পাহাড়ি বসতিগুলো চিহ্নিত করে সেখানে বসবাসকারী পরিবারগুলোর তালিকা তৈরি করা প্রয়োজন। সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে ঝুঁকির মাত্রা নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে।’
তিনি বলেন, ‘বর্ষা মৌসুমে পাহাড়ধসের আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকতে হবে। জরুরি পরিস্থিতিতে তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।’