চিঠি তো আর আসে না
খোলা কলাম · 2026-09-01 12:49:27 · উত্তম ঘোষ
চিঠি তো আর আসে না। হলুদ খামে চিঠি। প্রেমিকার গোপন চোখের জলে আর গোলাপের পাপড়ির ভাঁজে আর রঙিন চিঠি। দেখা মিলে না আর ডাকপিয়নের। হলুদ খামে লেখা। হয়তো খামের ভাঁজে নয়; তবু চিঠি আসবেই। আসে না। কোনো এক নিঃশব্দ দুপুরে, বৃষ্টিভেজা বিকেলে কিংবা গভীর রাতের একাকিত্বে হঠাৎ হৃদয়ের দরজায় কড়া নাড়ে না কেউ প্রিয় কোনো স্মৃতি। মনে হয় না —এই তো, সে লিখেছে!একসময় চিঠির জন্য মানুষ কতটা অপেক্ষা করত! ডাকপিয়নের সাইকেলের ঘণ্টা শুনলেই বুকের ভেতর কেমন যেন আলো জ্বলে উঠত। একটি চিঠি ছিল শুধু কিছু শব্দের সমষ্টি নয়; ছিল অপেক্ষার উষ্ণতা, ভালোবাসার স্পর্শ, অভিমানের নীরব ভাষা আর দূরত্ব পেরিয়ে কাছে আসার এক অদৃশ্য সেতু।আজ পৃথিবী বদলে গেছে। মুঠোফোনের পর্দায় মুহূর্তেই পৌঁছে যায় বার্তা। ভিডিও কলে চোখের সামনে চলে আসে বহু দূরের মানুষ। ‘Seen’ আর ‘Typing…’ আমাদের অপেক্ষার সংজ্ঞাটাই বদলে দিয়েছে। তবু কোথাও যেন একটা শূন্যতা রয়ে গেছে। আর দেখা মেলে না হলুদ খামের সেই স্বপ্ন। কারণ একটি ডিজিটাল বার্তা পড়া যায়, কিন্তু চিঠি ছোঁয়া যায়।চিঠির কাগজে লেগে থাকে মানুষের হাতের উষ্ণতা। কালি শুকিয়ে গেলেও শুকায় না অনুভূতি। অক্ষরের বাঁকে বাঁকে লুকিয়ে থাকে লেখকের মন। কোথাও একটি দাগ, কোথাও একটি কেটে দেওয়া শব্দ, কোথাও অকারণে দীর্ঘ বিরতি—সবকিছুই যেন বলে দেয়, লেখার সময় মানুষটি কী অনুভব করছিল। কোথায় হারিয়ে গেল। কত চিঠি আজ পুরোনো সিন্দুকে ঘুমিয়ে আছে! কাগজ হলুদ হয়ে গেছে, অক্ষর কিছুটা মলিন; অথচ স্মৃতিগুলো এখনো টাটকা। কোনো কোনো চিঠি খুললেই যেন বহু বছর আগের একটি মানুষ ফিরে আসে—তার কণ্ঠ, তার হাসি, তার অভিমান, তার ভালোবাসা।তাই চিঠি কখনো হারিয়ে যায় না। জানি একদিন চিঠি আসবে জানি আসবে।