ময়মনসিংহ মেইল

হালুয়াঘাট সীমান্তে বন্য হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড কৃষকের ফসলী জমি

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-10 13:13:58 · শরিফুল হাসান রানা

ময়মনসিংহের হালুয়াঘাটে গারো পাহাড় থেকে নেমে আসা একদল বন্য হাতির তাণ্ডবে ধানখেত নষ্ট হয়েছে। মঙ্গলবার (৮ ই সেপ্টেম্বর) রাতে উপজেলার গাজিরভিটা ইউনিয়নের আইলাতলী গ্রামে লোকালয়ে ঢুকে হাতির দলটি ফসলি জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।স্থানীয়রা জানান, প্রতিবছর বছরের এই সময়ে খাবারের সন্ধানে সীমান্তবর্তী গারো পাহাড় থেকে দলে দলে বন্য হাতি লোকালয়ে নেমে আসে। তারা ফসলি জমি নষ্ট করার পাশাপাশি ঘরবাড়ি ও জানমালেরও ক্ষতি করে। বিগত বছরগুলোতে হাতির আক্রমণে কয়েকজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে।এবার হাতির দলটি আইলাতলী গ্রামের ধানখেতে ঢুকে অসংখ্য কৃষকের কষ্টার্জিত ফসল মাড়িয়ে দেয়। ক্ষতিগ্রস্তদের অনেকেই এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন। ফলে ফসল নষ্ট হওয়ায় তাঁরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। বন্য হাতির উপদ্রবে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় কৃষক রুহুল আমিন গাজী বলেন, "হাতির দল বড় বড় ভাগে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করে। সন্ধ্যার পর গ্রামের মানুষ ঘর থেকে বের হতে ভয় পান। প্রশাসন ও বন বিভাগের কাছে আমাদের নিরাপত্তার জন্য স্থায়ী সমাধান চাই।” স্থানীয় রহিম মিয়া জানান “প্রতিবছর এই সময়ে হাতির আতঙ্কে থাকতে হয়। দিনের বেলা মাঠে কাজ করি, আর রাতে কখন হাতি নামে সেই চিন্তায় ঘুমাতে পারি না।" ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী বন্য হাতির লোকালয়ে প্রবেশ ঠেকাতে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তাঁরা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত