জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-03 07:35:13 · স্টাফ রিপোর্টার
মহাসড়কে পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জামালপুর-ঢাকা রুটে অনির্দিষ্টকালের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে জামালপুর থেকে রাজধানীসহ বিভিন্ন দূরপাল্লার গন্তব্যে যাতায়াতকারী হাজারো সাধারণ যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকেই জামালপুর জেলা বাস টার্মিনালে এসে ঢাকাগামীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীদের বাস না পেয়ে ফেরত যেতে দেখা যায়। আগাম ঘোষণা ছাড়া হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে অনেকে যাত্রা বাতিল করছেন, আবার অনেকে বিকল্প উপায়ে বেশি ভাড়ায় গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
ঢাকাগামী যাত্রী হাসমত আলী বলেন, কাজে ঢাকায় যাওয়ার জন্য ভোরে বাড়ি থেকে বের হয়েছি। টার্মিনালে এসে জানতে পারলাম বাস চলবে না। এখন কীভাবে যাবো বুঝতে পারছি না। যদি আগে থেকেই বলা হতো তাহলে যাওয়ার বিকল্প ব্যবস্থা করতাম।
বেসরকারি চাকরিজীবী আনোয়ার হোসেন বলেন, জরুরি প্রয়োজনে সকালে ঢাকা যাবো বলে গতকাল রাতে সিদ্ধান্ত নিয়েছি, এখন দেখি বাস বন্ধ।
রাজশাহীগামী তৌফিক আহমেদ বলেন, হঠাৎ করেই বাস বন্ধ। আমরা জানতাম না। আজকে সকালে এসে জানতে পারলাম বাস বন্ধ। এখন কী করব আর, আর কিছুক্ষণ অপেক্ষা করি। যদি না যেতে পারি তাহলে ময়মনসিংহ হয়ে যেতে হবে, না হলে বাসায় ফিরতে হবে।
অপেক্ষমাণ যাত্রীদের অভিযোগ, পরিবহন মালিক-শ্রমিকদের সমস্যা থাকতেই পারে, তবে তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে রোগী, শিক্ষার্থী ও চাকরিজীবীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
এর আগে বুধবার সকালে সদর উপজেলার নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাসে ভাঙচুর ও চালক-সহকারীদের মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে রাতে সংবাদ সম্মেলন করে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন কর্মবিরতির ঘোষণা দেয়।
জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, ‘জামালপুরগামী ও ঢাকাগামী দুটি রাজীব পরিবহনের বাসে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় চালক ও সহকারীদের মারধর করে এবং টাকা নিয়ে যাওয়া হয়। পরে বিষয়টি পরিবহন শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা কর্মবিরতির সিদ্ধান্ত নেন। চালক-শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি বাসে ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।’
বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ বলেন, ‘এ বিষয়ে আমরা পরে কথা বলব।’