ময়মনসিংহ মেইল

রাতের আঁধারে কেটে দিল কৃষকের ৫০ শতক শিমক্ষেত ৩–৪ লাখ টাকা ক্ষতি

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-08 05:25:25 · ফরিদ মিয়া

ময়মনসিংহের নান্দাইলে রাতের আঁধারে এক প্রান্তিক কৃষকের প্রায় ৫০ শতক জমির শিমক্ষেত কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে উৎপাদন খরচসহ প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী কৃষক বাবুল মিয়া উপজেলার সিংরইল ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের মৃত খোশেদ ব্যাপারীর ছেলে। তাঁর অভিযোগ, দীর্ঘদিনের শ্রম, অর্থ ও পরিচর্যায় প্রায় ৫০ শতক জমিতে শিমের আবাদ করেছিলেন তিনি। ক্ষেতজুড়ে শিমের ফলনও ভালো হয়েছিল। ফসল বিক্রি করে সংসারের প্রয়োজন মেটানোর স্বপ্ন দেখছিলেন। কিন্তু সেই স্বপ্নই রাতের আঁধারে কেটে দেওয়া হয়েছে।
বাবুল মিয়া জানান,  রাতে দুর্বৃত্তরা তাঁর শিমক্ষেতের গাছ কেটে ফেলে। সকালে জমিতে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান তিনি। এতে তাঁর পুরো ফসল নষ্ট হয়ে গেছে।
তিনি বলেন, অনেক কষ্ট করে শিমের আবাদ করেছিলাম। ফলনও ভালো হয়েছিল। এখন সব শেষ। এতে আমার ৩ থেকে ৪ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
স্থানীয় শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম ও আব্দুল গণি বলেন, একজন প্রান্তিক কৃষকের ফসল এভাবে নষ্ট করে দেওয়া অত্যন্ত দুঃখজনক। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে বের করা দরকার। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে প্রশাসনকে দাঁড়ানোর আহ্বান জানান তাঁরা।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ক্ষয়ক্ষতি নিরূপণ করে যথাযথ ক্ষতিপূরণেরও দাবি করেছেন তিনি।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত