গফরগাঁওয়ে অক্সিজেন স্বল্পতায় ৬ লাখ টাকার মাছের মৃত্যু
বৃহত্তর ময়মনসিংহ · 2026-08-27 12:17:07 · স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছের খামারে অক্সিজেন স্বল্পতায় প্রায় ৬ লাখ টাকা মূল্যের তেলাপিয়া মাছ মরে গেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান সেখ বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল বুধবার দিবাগত শেষ রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের বনগ্রাম গ্রামের ফারুক মিয়ার ছেলে মাছের খামারী আবিদ হোসেন বাবুর প্রায় সোয়া একর আয়তনের পুকুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বনগ্রাম গ্রামের মাছের খামারী আবিদ হোসেন বাবু তিনটি পুকুরে মাছ চাষ করেন। এর মধ্যে ১২ কাঠা(প্রায় এক একর দশ শতাংশ) আয়তনের একটি পুকুরে শিং মাছ ও তেলাপিয়া মাছের চাষ করেছেন। বুধবার দিবাগত শেষ রাতের দিকে পুকুরে মাছের খাবার ছিটিয়ে ঘুমাতে যান। কিন্তু সকালে (আজ বৃহস্পতিবার) ঘুম থেকে উঠে দেখেন সব তেলাপিয়া মাছ মরে ভেসে ওঠেছে। এ অবস্থায় চিকিত্সক এনে পরীক্ষা করিয়ে দেখেন পুকুরে অক্সিজেন স্বল্পতার কারণে মাছগুলো মরে ভেসে ওঠেছে। তবে তেলাপিয়া মাছ মরে গেলেও পুকুরে থাকা শিং মাছ মরেনি।
খামারী বাবুর স্বজন কাশেম মিয়া বলেন, মাঠগুলো মরে ভেসে ওঠার পর খবর দিয়ে লোক এনে পানি পরীক্ষা করানো হয়েছে। অক্সিজেনের অভাবে মাছগুলো মারা গেছে। বিষ প্রয়োগে মারা গেলে শিং মাছও মারা যেত। কিন্তু শিং মাছের কিছু হয়নি।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান সেখ বলেন, খবর পেয়ে খামারীর স্বজনদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন অক্সিজেনের অভাবে মাছগুলো মারা গেছে। এ ব্যাপারে তাদের কোন অভিযোগ নেই।