ময়মনসিংহ মেইল

৪০ বছরের শিক্ষকতা শেষে পানসি ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় শিক্ষিকার

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-10 13:20:50 · প্রতিবেদক, ত্রিশাল

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দেওয়ানীয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জোৎস্না আরা বেগমের ৪০ বছরের শিক্ষকতা জীবনের অবসান উপলক্ষে রাজকীয়  গণসংবর্ধনা দেওয়া হয়েছে। পানসি ঘোড়ার গাড়িতে করে ব্যতিক্রমী আয়োজনে বিদায় জানান প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।সমাজসেবক আব্দুল আলীমের সভাপতিত্বে এবং সমাজসেবক মফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইলর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সোমেল, দেওয়ানীয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মনিরুজ্জামান মিলন, প্রাক্তন শিক্ষক মজিবুর রহমান, প্রধান শিক্ষক আয়েশা মোস্তারি, প্রাক্তন শিক্ষার্থী আসাদুজ্জামান আসাদ, ১৯৮৪ ব্যাচের শিক্ষার্থী সুজন, ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থী ওসমান গনি ও মামুন মিয়া, ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থী মো. সেলিম ফরাজী, মুফতি মাওলানা সোহাইল মিয়া, মো. রাসেল, সহকারী শিক্ষিকা তাসলিমা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী।অনুষ্ঠানে বিদায়ী শিক্ষিকার উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নূরে গুলশান।আয়োজক সেলিম ফরাজী বলেন, “জোৎস্না ম্যাডাম অত্যন্ত ভদ্র ও নরম মনের মানুষ ছিলেন। দীর্ঘ ৪০ বছর তিনি শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো আদর-স্নেহ দিয়ে শিক্ষা দিয়েছেন। তাঁর শিক্ষা, আদর্শ ও মূল্যবোধ আমাদের চলার পথে চিরদিনের প্রেরণা হয়ে থাকবে। শিক্ষার্থীদের জীবনে তাঁর অবদান ও অনুপ্রেরণা চিরস্মরণীয় হয়ে থাকবে।"বিদায় অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়। প্রিয় শিক্ষিকার সঙ্গে দীর্ঘদিনের স্মৃতি স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই।গণসংবর্ধনা শেষে জোৎস্না আরা বেগমকে ফুল দিয়ে সাজানো পানসি ঘোড়ার গাড়িতে করে বিদায় জানানো হয়। এ সময় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর অনেকের চোখে ছিল অশ্রু। ভালোবাসা ও শ্রদ্ধায় প্রিয় শিক্ষিকাকে বিদায় জানান তারা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত