নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহিলা দলের অনুষ্ঠানে অনৈতিক ভিডিওকাণ্ডে অব্যাহতিপ্রাপ্ত নেত্রী
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-02 13:28:59 · প্রতিবেদক, জামালপুর
অনৈতিক ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার ঘটনায় দলীয় কর্মকাণ্ড থেকে অব্যাহতি পাওয়া মাদারগঞ্জ উপজেলা মহিলা দলের নেত্রী সুলতানা আক্তার নিশুর বিরুদ্ধে নির্দেশ উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে।
গত ৫ জুলাই দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ পাওয়ার পরও কোনো প্রত্যাহারপত্র বা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দলীয় র্যালি ও আলোচনা সভায় তার উপস্থিতি নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন ও সমালোচনা দেখা দিয়েছে।
মঙ্গলবার মাদারগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন সুলতানা আক্তার নিশু। অনুষ্ঠানে তিনি র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় জলবায়ুবিষয়ক সহসম্পাদক ও জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
দলীয় নিষেধাজ্ঞা বহাল থাকার পরও নিশুর প্রকাশ্য দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে অনুষ্ঠানস্থলেই নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। অনেকে প্রশ্ন তোলেন, দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ বহাল থাকা অবস্থায় কীভাবে তিনি প্রকাশ্য দলীয় কর্মসূচিতে অংশ নিলেন এবং কার অনুমতিতে তাকে কর্মসূচিতে রাখা হলো।
এর আগে অনৈতিক ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে পড়েন সুলতানা আক্তার নিশু। ঘটনাটি জাতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হওয়ার পর ৫ জুলাই তাকে দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়। একই ঘটনায় মাদারগঞ্জ উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের সাবেক সভাপতি তামিম আহমেদ সবুজ ওরফে পিচ্চি সবুজকেও দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
দলীয় সূত্রের দাবি, ওই নির্দেশের পর নিশু দীর্ঘদিন এলাকায় প্রকাশ্যে সক্রিয় ছিলেন না। তবে প্রায় দুই মাস পর কোনো লিখিত প্রত্যাহারপত্র বা নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রকাশ্য ঘোষণা ছাড়াই তাকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দেখা যায়।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির এক নেতা বলেন, কয়েক দিন আগে মাদারগঞ্জে ফিরে নিশু উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান ও সাংগঠনিক সম্পাদক শাহ মজনু ফকিরের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর থেকেই তাকে এলাকায় প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যাচ্ছে।
তবে দলীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়ার পরও নিশুর দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের বিষয়ে উপজেলা বিএনপির নেতৃত্বের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন বলেন, মহিলা দলের নেত্রী নিশুর ওপর থেকে এখনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। সে কীভাবে দলীয় কর্মসূচিতে উপস্থিত থাকে?
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।