ময়মনসিংহ মেইল

শেরপুরে ধর্ষণের ঘটনায় কিশোরী ৩১ সপ্তাহের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক

বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-10 06:53:25 · স্টাফ রিপোর্টার

শেরপুরের নকলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 ভুক্তভোগী কিশোরী বর্তমানে ৩১ সপ্তাহ ২ দিনের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন তার বাবা। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ বিকেল আনুমানিক ৪টার দিকে নকলা উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের অভিযুক্ত মো. উসমান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বাড়ির উত্তর দুয়ারী চৌচালা টিনের ঘরের ভেতরে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয় তাকে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. কামাল হোসেন (৪৩) বাদী হয়ে নকলা থানায় মামলা দায়ের করেন।

 অভিযুক্ত উসমান মিয়া (৬০) একই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। মামলা দায়েরের পরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগীর বাবা জানান, তার ১৩ বছর বয়সী মেয়ে বর্তমানে ৩১ সপ্তাহ ২ দিনের অন্তঃসত্ত্বা। তাদের বাড়ি উপজেলার ৬ নম্বর পাঠাকাটা ইউনিয়নের বহরদী গ্রামে। 

নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশি তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত