গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা সংকটে দেশ, মাদক নিয়ন্ত্রণে গুরুত্ব দিতে হবে: বিমানমন্ত্রী
বৃহত্তর ময়মনসিংহ · 2026-08-31 09:42:55 · স্টাফ রিপোর্টার
দেশে গ্যাস, বিদ্যুৎ ও আইনশৃঙ্খলার সংকট রয়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, দেশের প্রতিটি অঞ্চলে মাদকের বিস্তার রয়েছে। এসব সংকট থেকে পরিত্রাণের উপায় খুঁজছে সরকার।
সোমবার (৩১ আগস্ট) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের সার্বিক সংকট থেকে উত্তরণ এবং সুশাসন নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। মাদক নিয়ন্ত্রণ করা না গেলে দেশে সুশাসনের সফলতা আসবে না।
যুক্তরাষ্ট্র থেকে বিমান কেনার বিষয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রীকে ট্রাম্প তাদের বোয়িং ব্যবহারের কথা বলেছেন। আমরা বিমান কিনব, পাশাপাশি লিজও নেব। এছাড়া ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানি থেকে এয়ারবাস কেনার পরিকল্পনা রয়েছে। দেশের বিমান পরিবহন খাতের সক্ষমতা বাড়ানো হবে বলেও জানান তিনি।
ময়মনসিংহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নসহ জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম তদারকির লক্ষ্যে এ সমন্বয় সভার আয়োজন করা হয়।
সভায় সংসদ সদস্য, জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।