ময়মনসিংহ মেইল

স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-08 11:04:42 · ফরিদ মিয়া

Literacy for People, the Planet and Prosperity মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত।
সভাপতির বক্তব্যে ইউএনও ফাতেমা জান্নাত বলেন, স্কুল থেকে পিছিয়ে পড়া ও ঝরে পড়া শিশুদের চিহ্নিত করে তাদের আবারও বিদ্যালয়মুখী করতে হবে। কোনো শিশু যেন অর্থনৈতিক, পারিবারিক কিংবা সামাজিক কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়।
তিনি বলেন, একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার অন্যতম প্রধান ভিত্তি হলো শিক্ষা। তাই কোনো শিশুকে বিদ্যালয়ের বাইরে রাখা যাবে না। শিক্ষার বাইরে থাকা শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে শিক্ষক, সাংবাদিক , স্থানীয় প্রশাসন এবং সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ইউএনও আরও বলেন, শুধু বিদ্যালয়ে ভর্তি করলেই দায়িত্ব শেষ নয়; শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করাও জরুরি। কোনো শিশু দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে এর কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে।

তিনি বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং একটি সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। শিশুদের পাশাপাশি শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত বয়স্ক ও অন্যান্য জনগোষ্ঠীকেও সাক্ষরতার আওতায় আনতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ সময় তিনি অভিভাবকদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং তাদের পড়াশোনার বিষয়ে খোঁজখবর রাখার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি আরও আন্তরিক ও যত্নশীল হওয়ার জন্য শিক্ষকদের প্রতিও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা শিক্ষা অফিসার ফজিলাতুন্নেছা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সাংবাদিক রবিউল আলম ফরাজী, শিক্ষক নেতা আমিনুল ইসলাম আনজু, রফিকুল ইসলাম খান, জাকির আহমেদ তুহিন, জহিরুল ইসলাম প্রমুখ।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত