ময়মনসিংহ মেইল

নান্দাইলে অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশুকন্যাকে ফেলে স্বামীর উধাও

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-15 05:22:11 · ফরিদ মিয়া

ময়মনসিংহের নান্দাইলে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও আড়াই বছর বয়সী শিশুকন্যাকে রেখে উধাও হয়েছেন সেলিম নামে এক ব্যক্তি। বুধবার (১৪ অক্টোবর) সকালে নান্দাইল পৌরসদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন অসহায় মা ও শিশুর পাশে দাঁড়ান।
ওই নারীর নাম রিনা (১৯)। তাঁর বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের সাফরদী গ্রামে। সঙ্গে রয়েছে শিশুকন্যা আরিফা। রিনার ভাষ্য, ২০২১ সালে জীবিকার সন্ধানে সেন্টমার্টিনে যাওয়া নান্দাইলের সেলিমের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের বিয়ে হয়।
রিনা জানান, বুধবার সকালে স্বামীর সঙ্গে প্রথমবারের মতো নান্দাইলে আসেন তিনি। সকাল ৭টার দিকে বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর সেলিম তাঁকে শিশুকন্যাসহ কাচারী মসজিদসংলগ্ন এলাকায় বসিয়ে মিষ্টি কিনে আনার কথা বলে চলে যান। এরপর দীর্ঘ সময় অপেক্ষা করেও তাঁর দেখা পাননি। পরে স্থানীয় ব্যক্তিরা সেলিমের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়।
অর্থ ও আশ্রয়হীন অবস্থায় পড়া রিনা বলেন, সে আমাকে এভাবে ফেলে চলে যাবে, তা বুঝতে পারিনি। আমি এখন কোথায় যাব?
পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি শিশুটির খাবার ও রিনার জন্য আর্থিক সহায়তা দেন। বিষয়টি নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলামকে জানানো হলে তিনি তাঁদের থানায় পাঠানোর পরামর্শ দেন। পরে অটোরিকশায় করে মা ও শিশুকে থানায় পাঠানো হয়।
সেলিমের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অন্তঃসত্ত্বা রিনা ও তাঁর শিশুকন্যার নিরাপত্তা, আশ্রয় এবং স্বামীর সন্ধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত