ময়মনসিংহে ৩ ভাই-বোনের মাদকের রমরমা ব্যবসা
বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-12 06:29:44 · স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ নগরীর সানকিপাড়া ও ক্যান্টনমেন্টের পেছনের এলাকায় মাদক বাণিজ্যের অভিযোগ ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন একই পরিবারের তিন ভাইবোন-কোহিনুর, কমলা ও দেলু। স্থানীয়দের অভিযোগ, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা রয়েছে। একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আটক ও জামিনে মুক্তির পরও মাদক কারবার বন্ধ হয়নি বলে দাবি এলাকাবাসীর।
তবে এই তিন ভাইবোনকে ঘিরে স্থানীয়দের আলোচনায় উঠে এসেছে তাঁদের বড় বোন রেহেনার নামও। স্থানীয়দের ভাষ্য, ২০১৮ সালে রেহেনা ওই এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ীদের একজন হিসেবে পরিচিত ছিলেন। সে বছর তাঁকে সাদা পোশাকে তুলে নেওয়ার পর কথিত বন্দুকযুদ্ধে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘিরে তখন এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল বলে জানান স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, বড় বোন রেহেনার মৃত্যুর পরও পরিবারের অন্য সদস্যদের ঘিরে মাদক কারবারের অভিযোগ থামেনি। বর্তমানে কোহিনুর, কমলা ও দেলুকে কেন্দ্র করে একই ধরনের অভিযোগ নতুন করে সামনে আসছে। যদিও এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
স্থানীয় সূত্রে জানা যায়, সানকিপাড়া ও ক্যান্টনমেন্টের পেছনের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে। ইয়াবা ও হেরোইনের পাশাপাশি ইনজেকশনের মাধ্যমে ব্যবহৃত মাদকদ্রব্যের বিস্তার নিয়েও উদ্বেগ রয়েছে। আবাসিক এলাকার আশপাশে এমন তৎপরতা চলতে থাকায় তরুণ ও যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাসিন্দারা।
অভিযোগ রয়েছে, কমলাকে এর আগে ময়মনসিংহ নগরীর ৩ নম্বর ফাঁড়ি পুলিশ আটক করেছিল। পরে আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। কিন্তু জামিনে বের হওয়ার পর আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।
এ বিষয়ে ৩ নম্বর ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, কমলা নামের ওই আসামির বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, শুধু গ্রেপ্তার আর জামিনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে মাদকবিরোধী কার্যক্রম। মাদক সরবরাহের উৎস, নেপথ্যের সহযোগী এবং অর্থের লেনদেনের সঙ্গে জড়িতদের শনাক্ত করা না গেলে এই কারবার বন্ধ করা কঠিন। তাঁদের দাবি, একই পরিবারের সদস্যদের ঘিরে বারবার অভিযোগ ওঠার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন।
স্থানীয়দের আশঙ্কা, মাদকের সহজলভ্যতা এলাকার কিশোর ও তরুণদের অপরাধপ্রবণতার দিকে ঠেলে দিতে পারে। মাদকাসক্তির পাশাপাশি চুরি, ছিনতাইসহ নানা অপরাধের ঝুঁকিও বাড়তে পারে। ফলে বিষয়টি এখন শুধু কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নয়, বরং পুরো এলাকার সামাজিক নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
এ অবস্থায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, কোহিনুর, কমলা ও দেলুর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। একই সঙ্গে মাদক সরবরাহকারী ও নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
সানকিপাড়া ও ক্যান্টনমেন্টের পেছনের এলাকাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং অভিযোগের ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের প্রশ্ন, বছরের পর বছর একই এলাকায় মাদক বাণিজ্যের অভিযোগ উঠলেও এর স্থায়ী সমাধান হচ্ছে না কেন?